গণভোটে হার, ফুটবলে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে গত রোববার গণভোটে রায় দিয়েছে ক্রিমিয়ার জনগণ। কিয়েভের জন্য এটা পরাজয়ই বটে। তবে একই দিন কিছু সময়ের জন্য হলেও সান্ত্বনার উপলক্ষ খুঁজে পেয়েছে তারা। কিয়েভের ফুটবল দল হারিয়ে দিল ক্রিমিয়ার দলকে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতীকী। মাঠে ইউক্রেনের একতার পক্ষে নানা ধরণের পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকেরা। পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও। সাবেক সোভিয়েত রাষ্ট্রটিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফুটবল ম্যাচের মূল আকর্ষণই ফিকে হয়ে যায়।
ম্যাচটিতে অংশ নেয় কিয়েভের দায়নামো কিয়েভ ও ক্রিমিয়ার তাভরিয়া সিম্ফারপোল দল। খেলায় ২-১ গোলে জয়লাভ করে দায়নামোকিয়েভে। দলটি চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিতই অংশ নিয়ে থাকে। আর হেরে যাওয়া তাভরিয়া সিম্ফারপোলকে কেউ চেনে না বললেই চলে।
দায়নামোর ৬৮ হাজার আসনবিশিষ্ট অলিম্পিক স্টেডিয়ামে ১১ হাজার দর্শকের উপস্থিতিতে এই খেলা হয়। তবে দর্শকদের মনে খেলার চেয়ে অন্যকিছুর জায়গাই ছিল বেশি।
প্রকৃতপক্ষে গত শনিবার ক্রিমিয়ার রাজধানী সিম্ফারপুলে খেলাটি হওয়ার কথা ছিল। তবে তাভরিয়া দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ভেন্যু সরিয়ে
নেওয়া হয়।
খেলা শুরুর আগে দায়নামো কিয়েভ দলের সমর্থক ভাসিল বলেন, ‘তাভরিয়ার এখানে আসা মানে, তারা ক্রিমিয়ার অবৈধ গণভোটের সঙ্গে একমত নয়।’ রাজনীতিকে খেলায় হস্তক্ষেপ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
খেলা দেখতে ক্রিমিয়া থেকে কিয়েভে এসেছিলেন গুটি কয়েক দর্শক। তাঁরা বলেন, তাঁরা ক্রিমিয়ার গণভোটের অংশ হতে চান না। ইগর নামের একজন সমর্থক বলেন, ‘আমি ক্রিমিয়ার গণভোটকে বৈধ বলে স্বীকৃতি দিই না। কারণ, ক্রিমিয়া ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, এখানে ফুটবল খেলা বন্ধ হয়ে যেতে পারে। তখন খেলার মতো কেউই থাকবে না।’
কিয়েভের দর্শক আন্তন ‘ক্রিমিয়াই ইউক্রেন’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে হাজির হন স্টেডিয়ামে। তিনি বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ হয়ে থাকবে। ফুটবল দেশকে ঐক্যবদ্ধ করবে, এতে কোনো সন্দেহ নেই।’ এএফপি।