গণভোটের ঘোষণার পর সিরিয়ায় অভিযান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গণভোট ও নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার কয়েকটি শহরে আবার অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।এদিকে প্রেসিডেন্ট বাশারের পদত্যাগ ও দমন-পীড়ন বন্ধের একটি প্রস্তাব নিয়ে গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। ইতিমধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র রাশিয়া ওই প্রস্তাবে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। তবে সেই আহ্বান নাকচ করা হয়েছে।প্রেসিডেন্ট বাশার গত মঙ্গলবার দুই সপ্তাহের মধ্যে নতুন সংবিধানের ব্যাপারে গণভোট ও ৯০ দিনের মধ্যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তবে সরকারবিরোধীরা ও পশ্চিমা দেশগুলো তাঁর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।ফ্রান্স জানিয়েছে, তারা সিরিয়ার ব্যাপারে নিরাপত্তা পরিষদে নতুন একটি প্রস্তাব উত্থাপনের ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। এতে সিরিয়ায় সহিংসতা থেকে বেসামরিক জনগণকে রক্ষায় ‘হিউম্যানিটারিয়ান করিডরের’ প্রস্তাব দিয়েছে ফ্রান্স।৪ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদে সিরিয়া-সংকট নিয়ে উত্থাপিত প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া ও চীন। উভয় দেশ ওই প্রস্তাবকে ‘ভারসাম্যহীন’ উল্লেখ করে। রাশিয়া ও চীন নতুন প্রস্তাবেরও বিরোধিতা করতে পারে। তবে ১৯৩ সদস্য দেশের সাধারণ পরিষদে কারও ভেটো দেওয়ার ক্ষমতা নেই। কূটনীতিকেরা মনে করছেন, এই প্রস্তাব পাস হয়ে যাবে। এদিকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি সতর্ক করে দিয়েছে, সিরিয়ায় বিদেশি শক্তি মধ্যস্থতা করতে গেলে সেখানে রক্তপাত হবে। সিরিয়ার দেরা, হামা ও হোমস শহরে গতকালও অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেরার স্থানীয় বাসিন্দারা জানায়, ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। লিবিয়ায় কার্যালয় খুলতে সিরিয়ার বিরোধীদের আমন্ত্রণ: লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন পরিষদ ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) সে দেশে কার্যালয় খুলতে সিরিয়ার সরকারবিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছে। রয়টার্স, এএফপি।