গণভোটের পর ক্রিমিয়ার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ
ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার গণভোটের পর গতকাল সোমবার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে সকালে ঘুম থেকে উঠেছে জনগণ। গত কয়েক মাসের আন্দোলনে এমনিতে অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে, তার ওপর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনার ফলে আইনি শূন্যতা সৃষ্টি হয়েছে।
গত রোববার গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে ক্রিমিয়ার জনগণ। কিন্তু এর ফলে এ অঞ্চল বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়েছে। রাশিয়া ছাড়া বিশ্বের কোনো দেশ বা জাতি এখনো তাদের গণভোটকে স্বীকৃতি দেয়নি। এ অঞ্চল ধীরে ধীরে রুশ শাসনের অধীনে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু কখন, কীভাবে তা কেউ জানে না।
৭০ বছর বয়সী আন্না ইভানোভনা ইউক্রেন ত্যাগ করে ক্রিমিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তিনি এখন বলছেন, ‘আমি আমার অভ্যাস এবং দৈনন্দিন রুটিনমতো চলতে পছন্দ করি। এ গণভোটের পরের পরিস্থিতি আমাকে কিছুটা ভীত করেছে। এখন আমাদের সবকিছু পর্যবেক্ষণ করতে হবে।’
ক্রিমিয়ার মস্কোপন্থী নেতা সের্গেই আকসাইনভ বারবার ক্রিমিয়াবাসীকে আশ্বস্ত করেছেন, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার মাঝখানের সময়টি হবে খুবই স্বাভাবিক। কিন্তু ক্রিমিয়ার জনগণ তাঁর কথায় খুব বেশি আস্থা পাচ্ছে না। কারণ, ব্যাংক-বিমা কীভাবে চলবে, তারা জানে না। অনেকে এখন ব্যাংক থেকে অর্থ তুলতে ব্যাংকে ভিড় করছে। বিশেষ করে ইউক্রেনের জাতীয় ব্যাংকগুলো থেকে মানুষ অর্থ তুলে নিচ্ছে। কারণ, এসব ব্যাংক এখন বন্ধ হয়ে যেতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও পানির জন্য ত্রিমিয়াকে মধ্যবর্তী সময়ে ইউক্রেনের ওপর নির্ভর করতে হবে। যদি ক্রিমিয়ার এ সিদ্ধান্তে কিয়েভ আগ্রাসী কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে এসব প্রয়োজনীয় সরবরাহ তারা বন্ধ করেদিতে পারে।
যদি অবস্থা এমনই দাঁড়ায় তাহলে ক্রিমিয়াকে এ কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাশিয়ার ওপর নির্ভর করতে হবে। ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়ার পর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগ পর্যন্ত কার্যত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে ক্রিমিয়া। আকসাইনভ বলছেন, এ সময়টা তাঁদের অর্থনৈতিকভাবে টিকে থাকার মতো শক্তি আছে। কিন্তু ইউক্রেনের সামরিক ঘাঁটির কী হবে?
এসব প্রশ্নের উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। এএফপি।