গণভোটের ফল প্রকাশ, মিসরে নতুন সংবিধান পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বিতর্কিত খসড়া সংবিধান নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করেছে সে দেশের নির্বাচন কমিশন। প্রকাশিত ফল অনুযায়ী, ৬৪ শতাংশ ভোট পড়েছে খসড়া সংবিধানের পক্ষে। এর মাধ্যমে প্রাথমিকভাবে পাস হয়েছে খসড়া সংবিধান। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন নাইল নিউজ টিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়।কর্মকর্তারা বলেছেন, গণভোটের চূড়ান্ত ফলাফলে সংবিধান পাস হওয়ায় দেশটিতে দুই মাসের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে।এদিকে, বিরোধী দল ওই গণভোটে জালিয়াতির যে অভিযোগ এনেছে, সে ব্যাপারে তদন্ত করে দেখতে সময়ের প্রয়োজন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।গণভোটের ফলাফল অনুযায়ী, ৬৪ শতাংশ ভোটার খসড়া সংবিধানের পক্ষে (হ্যাঁ ভোট) মতামত দিয়েছেন।মিসরে নতুন সংবিধান নিয়ে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সহিংসতা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড খসড়া সংবিধান বাস্তবায়নে জোর চেষ্টা চালাচ্ছে। বিরোধীদলীয় জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের মুখপাত্র আমর হামজা অভিযোগ করেন, গণভোটে জালিয়াতি ও অনিয়ম হয়েছে। বিরোধী দলের দাবি, স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় ব্যর্থ এই খসড়া সংবিধান গত বছরের মোবারকবিরোধী গণবিক্ষোভের চেতনার পরিপন্থী। এতে ইসলামপন্থীদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তা ছাড়া এই খসড়া সংবিধান মিসরের নারী ও সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার রক্ষায় যথেষ্ট শক্তিশালী নয়। বিবিসি।