গণমাধ্যম এড়িয়ে চলছে সিপিসির সম্মেলন
চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির (সিপিসি) চলতি সম্মেলনে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত হচ্ছে, গণমাধ্যমে তার কিছুই প্রকাশ করা হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম তাই এ ব্যাপারে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে চলেছে। সিপিসির সম্ভাব্য নতুন নেতা শি জিনপিং সতর্ক কট্টরপন্থা নাকি ব্যতিক্রমী সংস্কারপন্থা বেছে নেবেন, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ ছাড়া আগামী এক দশকে চীনের অগ্রযাত্রার সম্ভাব্য কৌশল নিয়েও অনুমাননির্ভর বিশ্লেষণ অব্যাহত রয়েছে। তবে দেশটির সাধারণ মানুষ এসব বিষয় নিয়ে খুব কমই মাথা ঘামায়। কারণ, দেশটির নেতৃত্ব নির্ধারণে জনমত প্রতিফলনের বিষয়টি বরাবরই উপেক্ষিত রয়েছে।নারী অধিকার প্রসঙ্গে দলটির প্রয়াত বিপ্লবী নেতা মাও জেদং ইতিবাচক অবস্থান নিয়েছিলেন। কিন্তু আজকের সিপিসির নেতৃত্বে নারীর উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রীয় কমিটিতে নারীর সংখ্যা মোট সদস্যসংখ্যার মাত্র ছয় শতাংশ। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদে (পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি) এখন পর্যন্ত কোনো নারীর ঠাঁই হয়নি। সম্মেলনের শেষ দিনে এবার নতুন যে কমিটি ঘোষণা করা হবে, তাতেও কোনো নারীর অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই। তবে ২৫ সদস্যের পলিটব্যুরো কমিটিতে লিউ ইয়ানদং নামের একজন নারী রয়েছেন।পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের প্রতিনিধি নারী হান শিয়াওউন বলেন, নারীর সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু যোগ্যতা অনুসারে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারীদের আরও সুযোগ দেওয়া উচিত। কেবল নারী হওয়ার কারণে তাঁদের পিছিয়ে থাকা অনুচিত।কাগজে-কলমে সিপিসির সদস্যসংখ্যা আট কোটি ২০ লাখ। তবে দলটির প্রকৃত নীতিনির্ধারকের সংখ্যা সে তুলনায় খুবই কম। তা ছাড়া নেতৃত্বের সঙ্গে সাধারণ সদস্যদের রয়েছে বিরাট ব্যবধান। দলটির অভ্যন্তরে হতাশা ও অবিশ্বাসের ফলেই এ ব্যবধান তৈরি হয়েছে। সিপিসির নেতৃত্বে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছিল ১০ বছর আগে। এরপর এক দশকে চীন অনেক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। অর্থনীতির উল্লেখযোগ্য বিকাশের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে।সিপিসির সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াবেন চীনের বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাও। সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদও ছাড়বেন তিনি। জিনতাও ও ওয়েন জিয়াবাওয়ের পরিবর্তে চীনের নতুন নেতৃত্বে শি জিনপিং ও লি কেকিয়াংয়ের উত্থানের বিষয়টি এখন প্রায় নিশ্চিত। এএফপি, এনবিসি নিউজ ও পিটিআই।