গণমাধ্যম ও ওয়েবসাইটে ইংরেজি শব্দের ব্যবহার নিষিদ্ধ করেছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার সে দেশে সংবাদপত্র, পুস্তক-সাময়িকী ও ওয়েবসাইটে চীনা ভাষার মধ্যে হুট করে বিদেশি শব্দ, বিশেষ করে ইংরেজি ভাষা ব্যবহার করা নিষিদ্ধ করেছে। রাষ্ট্রীয় সংবাদপত্র ও প্রকাশনা পরিষদ বলেছে, চীনা ভাষাকে বিকৃতির হাত থেকে বাঁচিয়ে তার বিশুদ্ধতা অক্ষুণ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যম ও প্রকাশনা পরিষদ বলেছে, বিদেশি বাক্যাংশ, শব্দসংক্ষেপ, বাগধারা এমনকি চীনা ও ইংরেজি মিশ্রিত ‘চিংলিশ’ শব্দ সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে চীনা ভাষা তার স্বাতন্ত্র্য হারাচ্ছে। এ কারণে তারা বিদেশি ভাষা, বিশেষ করে ইংরেজি ব্যবহারকে নিষিদ্ধ করেছে। চীনের রেডিও ও টেলিভিশন-গুলোকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র ও প্রকাশনা কর্তৃপক্ষ বলেছে, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির সঙ্গে সঙ্গে চীনের সব ধরনের প্রকাশনায় বিদেশি ভাষা, বিশেষ করে ইংরেজি ব্যবহারের প্রবণতা বাড়ছে। সাংস্কৃতিক পরিমণ্ডলে এর বিরূপ প্রভাব পড়ছে । প্রকাশনা প্রশাসন থেকে আরও বলা হয়েছে, একান্তই বিদেশি শব্দ এড়ানো সম্ভব না হলে ওই শব্দের পাশে চীনা ভাষায় অবশ্যই তার ব্যাখ্যা দিতে হবে। বিবিসি।