এটি সাংবাদিকদের সম্মেলন নয়, মহাযজ্ঞ। সারা বিশ্ব থেকে তিন শতাধিক সাংবাদিক ও শিক্ষাবিদের সঙ্গে আরও শ খানেক স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী যোগ দিয়েছেন। আর মুক্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ থেকে শুরু করে মিয়ানমারের গণতন্ত্রের ভবিষ্যৎ, পূর্ব এশিয়ার দেশগুলোর আর্থসামাজিক অবস্থা, উত্তর কোরিয়ার শরণার্থী সমস্যা, সরকার, রাজনীতি ও নির্বাচনব্যবস্থার ওপর গণমাধ্যমের তীক্ষ নজরদারি নিয়ে দিনভর আলোচনা হয়েছে বিভিন্ন অধিবেশনে। আলোচ্য বিষয়ে আরও যুক্ত হয় প্রথাগত গণমাধ্যমের সঙ্গে সামাজিক গণমাধ্যমের বিরোধ, যুদ্ধবিধ্বস্ত পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইরাকসহ বিভিন্ন দেশে সাংবাদিকতার ঝুঁকির বিষয়টি।
আলোচকেরা নিজ নিজ দেশের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি তাঁদের মূল্যায়ন পেশ করেন। সেসবের ওপর দীর্ঘ আলোচনা ও বিতর্ক হয়। তবে সেই বিতর্ক কোনোভাবেই রাজনৈতিক বাহাসে রূপ নেয় না। সবার বক্তব্যে যেমন যুক্তি ও তথ্য আছে, তেমনি তাঁরা সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে নিতে সচেষ্ট ছিলেন। তাঁরা মনে করেন, নবীন গণতন্ত্রের দেশগুলোতে শাসকেরা স্বেচ্ছায় স্বাধীনতা দেয় না, বরং নিজেদের ক্ষমতার বলয় বাড়াতে ব্যবসায়ীদেরও হাত করতে চান। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
সকালে ‘মিয়ানমারের গণমাধ্যমের সংস্কার’ শীর্ষক আলোচনায় মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র ও তথ্য উপমন্ত্রী উ ই তুত গত দুই বছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নিয়েছেন, তার বর্ণনা দেন। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে মিয়ানমারের সাংবাদিকেরা একমত হতে পারেননি। তাঁরা বলেন, ভয়ভীতি আগের চেয়ে কমলেও আইনের খড়্গটি ঠিকই আছে।
দুপুরে ভারতের মালয়া মনোরমা পাবলিকেশনসের নির্বাহী সম্পাদক ও প্রকাশক জ্যাকব মাথু রিভার অব ফ্রিডম বক্তৃতায় বিশ্বের গণমাধ্যমের বর্তমান গতি-প্রকৃতি ব্যাখ্যা করে বলেন, নতুন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে হলে সংবাদপত্রকে কেবল তথ্য পরিবেশন করলেই হবে না, পাঠকের মন জানতে হবে। তিনি মনে করেন, আগামী কয়েক দশক এশিয়ার দেশগুলোতে অন্তত পত্রিকার প্রচারসংখ্যা ও বিজ্ঞাপন বাড়ানো অসম্ভব নয়। কেননা এসব দেশে শিক্ষার হার ও জনসংখ্যা দ্রুত বাড়ছে।
বিভিন্ন অধিবেশনে প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন মালয়েশিয়া কিনির প্রধান সম্পাদক স্টিফেন হান, এশিয়া মিডিয়া সার্ভিসের বার্টিন লিক্টনার, ইউএনডিপির এলিশন মুর, বাগদাদের আল হুররা টিভির জাহেদ নাহিদ, পাকিস্তানের ডন-এর প্রধান সম্পাদক জাফর আব্বাস, পাকিস্তানের ফ্রিল্যান্স সাংবাদিক ওমর চিমা প্রমুখ।