গণহত্যায় অভিযুক্ত রুয়ান্ডার চিকিৎসক
ফ্রান্সের বিচারকেরা রুয়ান্ডার এক চিকিৎসককে ১৯৯৪ সালের গণহত্যার পরিকল্পনা করার দায়ে অভিযুক্ত করেছেন। রুয়ান্ডা ওই চিকিৎসকের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারি করেছিল।
ইউজিন রোয়ামুসিও নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে দক্ষিণ রুয়ান্ডার বুতারে অঞ্চলে নৃশংসতার পরিকল্পনা ও তা কার্যকর করার অভিযোগ আছে। কিন্তু ২০১০ সালে ফ্রান্সের একটি আদালত তাঁকে রুয়ান্ডায় প্রত্যর্পণের আবেদন নাকচ করে দেন।
ফ্রান্সের বিচার বিভাগের একটি সূত্র জানায়, চিকিৎসক ইউজিন রোয়ামুসিওর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে বিচারকেরা তাঁর বিরুদ্ধে গণহত্যা পরিকল্পনায় অংশগ্রহণের অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন। তবে রোয়ামুসিওকে ‘পর্যবেক্ষণাধীন সাক্ষী’ মর্যাদার আওতায় রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে, তাঁকে সতর্কভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তিনি আরও জিজ্ঞাসাবাদ বা অভিযোগের সম্মুখীন হতে পারেন।
পঞ্চাশোর্ধ্ব রোয়ামুসিও বেলজিয়ামে বাস করেন। তিনি ফ্রান্সের একটি শহরে চিকিৎসক হিসেবে কাজ করতেন। হাসপাতাল কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরোয়ানার খবর জানার পর তাঁকে চাকরিচ্যুত করেন। রোয়ামুসিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, রুয়ান্ডার টুটসির নেতৃত্বাধীন সরকার তাঁকে হয়রানি করছে। এএফপি।