স্রেব্রেনিৎসায় গণহত্যার কথিত মূল হোতা সাবেক বসনীয়-সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ অভিযোগ খুবই আপত্তিকর। ম্লাদিচ বলেন, ‘আমার দেশ ও দেশের জনগণকে আমি রক্ষা করেছি, আমাকে নয়। ক্রোয়াটদের আমি ক্রোয়াট হিসেবে হত্যা করিনি। আমি শুধু আমার দেশকে রক্ষা করছিলাম তখন।’ গতকাল শুক্রবার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তিনি এসব কথা বলেন। গণহত্যার অভিযোগে বিচারের জন্য গতকালই ম্লাদিচকে প্রথমবার হেগের আদালতে হাজির করা হয়। সেনাক্যাপ মাথায় স্যালুট দিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ান তিনি। একপর্যায়ে বিচারককে ম্লাদিচ বলেন, তিনি ভীষণ অসুস্থ। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে এসব ‘খুব আপত্তিকর’ বলে মন্তব্য করেন তিনি। ম্লাদিচ বলেন, ‘আমার আইনজীবী নিয়ে এসব অভিযোগ পড়ে দেখতে চাই। এ জন্য এক মাসের বেশি সময় দরকার।’প্রথম দিনের শুনানি শেষে বিচারক আলফোনস ওরি আগামী ৪ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ পর্যন্ত ম্লাদিচকে হেগের কারাগারে থাকতে হবে। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত গৃহযুদ্ধ চলাকালে অন্তত এক লাখ মানুষকে হত্যা করা হয়। গৃহযুদ্ধ চলাকালে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসা শহরে ঠান্ডামাথায় অন্তত আট হাজার মুসলিম শিশু-কিশোর ও পুরুষকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্রেব্রেনিৎসার এ গণহত্যাই ছিল সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড। স্রেব্রেনিৎসায় এ গণহত্যা ও ৪৩ মাস সারায়েভো শহর অবরুদ্ধ করে রাখার অপরাধে ১৯৯৫ সালে রাতকোকে অভিযুক্ত করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এ ছাড়া, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।গতকাল হেগের আদালতের বাইরে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডে স্বজন হারানো ব্যক্তিদের ছিল ভিড়। সেখানে মুনিরা সুবাসিক নামের এক নারী রয়টার্সকে বলেন, ‘আজও তাঁর (ম্লাদিচের) সেই রক্তচক্ষু আছে কি না, তা দেখতে এখানে এসেছি।’ স্রেব্রেনিৎসায় সার্ব সেনারা তাঁর স্বামী ও ১৮ বছর বয়সী এক ছেলেকে হত্যা করে। ওই ঘটনা সম্পর্কে মনিরা বলেন, ‘১৯৯৫ সালে আমার ছেলেকে ছেড়ে দিতে অনুরোধ করি তাঁকে (ম্লাদিচ)। তিনি আমার ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। ওই মুহূর্তে আমি তাঁর কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু ১৬ বছর পার হলো। এখনো আমি আমার ছেলের হাড়গোড় খুঁজে ফিরি।’প্রায় ১৬ বছর ধরে ধরাছোঁয়ার বাইরে ছিলেন রাতকো। গত সপ্তাহে সার্বিয়ার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবীরা বলেন, ৬৯ বছর বয়সী ম্লাদিচ মানসিকভাবে সুস্থির নন। শারীরিকভাবেও দুর্বল তিনি। এ অবস্থায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে অক্ষম তিনি। গত সপ্তাহে বেলগ্রেডের আদালত রায় দেন, রাতকো বিচারের মুখোমুখি হতে সক্ষম। গত মঙ্গলবার রাতকোকে বিশেষ হেলিকপ্টারে হেগে নেওয়া হয়। এএফপি, বিবিসি ও রয়টার্স।