গণহত্যার দায়েসাত হাজার বছরের দণ্ড
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ডানপন্থী আধা সামরিক বাহিনীর সাবেক পাঁচ সদস্যকে সাত হাজার ৭১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ১৯৮২ সালে গণহত্যায় জড়িত থাকার দায়ে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়।দণ্ড হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, ১৯৮২ সালে তারা সেনাবাহিনীকে পথ দেখিয়ে গুয়াতেমালার প্রত্যন্ত অঞ্চল প্ল্যান ডি সানচেজে নিয়ে যায় এবং সেখানে গণহত্যায় অংশ নেয়। নিহত লোকজনের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।বিচারক জাজমিন বারিয়স ২৫৬টি অপরাধের প্রতিটির জন্য এই পাঁচজনকে ৩০ বছর করে এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আরও ৩০ বছরের শাস্তি দেন। মূলত এ শাস্তি প্রতীকী অর্থে দেওয়া হয়েছে।বিচারক জানান, দণ্ডপ্রাপ্ত এই পাঁচজনকে ৫০ বছর করে কারাভোগ করতে হবে। গুয়াতেমালায় প্রচলিত আইনে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।জাতিসংঘের ট্রুথ কমিশন বিভিন্ন ঘটনায় ৬০০টি নথিপত্র তৈরি করেছে। এর মধ্যে প্ল্যান ডি সানচেজে গণহত্যার বিষয়টি রয়েছে।২০০৪ সালে ইন্টার আমেরিকান কোর্ট অব হিউম্যান রাইটস প্ল্যান দি সানচেজে গণহত্যার জন্য গুয়াতেমালার বিরুদ্ধে অভিযোগ তোলে। বিষয়টি তদন্তের দাবিও জানায়।গুয়াতেমালার দস ইরেস গ্রামে গণহত্যার দায়ে গত সপ্তাহে সাবেক এক সেনাকে ছয় হাজার ৬০ বছরের প্রতীকী কারাদণ্ড দেওয়া হয়।গুয়াতেমালায় ১৯৬০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ লোক নিহত হয়। বিবিসি।