যুক্তরাজ্যের পুলিশের খাতায় গত বছর কমপক্ষে দুই হাজার ৮২৩টি তথাকথিত ‘অনার অ্যাটাক’ বা পরিবারের সম্মান রক্ষার জন্য সদস্যদের দেওয়া শাস্তির ঘটনা নথিভুক্ত হয়েছে। ইরানিয়ান অ্যান্ড কুর্দিস উইমেন রাইটস অর্গানাইজেশন (আইকেডব্লিউআরও) নামের একটি সংগঠন এ পরিসংখ্যান প্রকাশ করেছে। এর মধ্যে শুধু লন্ডনেই সংঘটিত হয়েছে প্রায় ৫০০টি শাস্তির ঘটনা। পরিবারের জন্য দুর্নাম বা লজ্জা বয়ে আনা সদস্যদের, বিশেষ করে নারী সদস্যদের শাস্তি দেওয়াই হচ্ছে ‘অনার অ্যাটাক’। এ ধরনের শাস্তির মধ্যে রয়েছে: এসিড নিক্ষেপ, অপহরণ, অঙ্গহানি ও মারধর। অনেক ক্ষেত্রে তাদের হত্যাও করা হয়। আইকেডব্লিউআরও জানিয়েছে, তারা গত জুলাই থেকে নভেম্বরের মধ্যে এ গবেষণা চালিয়েছে। সংগঠনটি বলেছে, যুক্তরাজ্যে এ ধরনের শাস্তির ঘটনা নিয়ে এ পর্যন্ত যেসব পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, তার মধ্যে তাদের পরিসংখ্যান সবচেয়ে সঠিক। গবেষকেরা দেখতে পেয়েছেন, ২০১০ সালে ৩৯টি থানায় দুই হাজার ৮২৩টি অনার অ্যাটাকের ঘটনা পুলিশের খাতায় নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশ ৪৯৫টি, ওয়েস্ট মিডল্যান্ডস ৩৭৪টি, ওয়েস্ট ইয়র্কশায়ার ৩৫০টি, ল্যাঙ্কাশায়ার ২২৭টি, গ্রেটার ম্যানেচেস্টার ১৮৯টি, ক্লিভল্যান্ড ১৫৩টি, সাফোক ১১৮টি ও বেডফোর্ডশায়ার পুলিশ ১১৭টি ঘটনা নথিভুক্ত করেছে। আইকেডব্লিউআরও বলেছে, গবেষণার সময় পুলিশ বিভাগের একটি অংশ এ বিষয়ে তথ্য দিতে অনিচ্ছুক ছিল বা তথ্য দিতে সক্ষম ছিল না। সংগঠনটির পরিচালক ডায়ানা নাম্মি বলেন, পরিবারের সদস্যরা এ ধরনের শাস্তির ঘটনা ঢেকে রাখার চেষ্টা করে এবং যারা শাস্তি দিয়ে থাকে তাদের বরং সম্মানই করা হয়। তিনি জানান, এ ধরনের অপরাধ সংঘটনকারী সম্প্রদায়ের ভেতরে এমনকি বীর হিসেবে বিবেচিত হয়। কারণ, তিনি সেই ব্যক্তি, যার ওপর পুরো পরিবার নির্ভরশীল বিবিসি অনলাইন।