গত বছর ১৩ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি দেশ ছাড়ে সাগরপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার ও বাংলাদেশ থেকে ২০১২ সালে প্রায় ১৩ হাজার মানুষ নৌকায় সাগরপথে দেশ ত্যাগ করেছে। এদের অনেকেই উৎখাতের শিকার হওয়া রোহিঙ্গা মুসলমান। দুর্যোগপূর্ণ সমুদ্রযাত্রায় এ সময়ে মারা গেছে কয়েক শ মানুষ। জাতিসংঘ গতকাল শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।সংস্থাটি বলেছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গায় পড়ে রোহিঙ্গাদের দেশত্যাগের হিড়িক পড়ার কারণেই শরণার্থীদের এই ঢল নামে। এসব শরণার্থীর অধিকাংশ মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার মুখপাত্র ভিভিয়ান ট্যান বলেন, ‘সাগরে আমরা কমপক্ষে ৪৮৫ জন লোকের ডুবে মারা যাওয়া বা অন্যভাবে মৃত্যুর খবর জানি।’ তবে এই সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি বলেও মত প্রকাশ করেন তিনি।ট্যান বলেন, ‘এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। প্রকৃত অবস্থা হলো, নারী ও শিশুরাও ক্রমবর্ধমান হারে সাগরপথে নৌকায় পাড়ি জমানোর ঝুঁকি নিচ্ছে। এতে বোঝা যায়, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও বাংলাদেশিরা মরিয়া হয়ে উঠেছে।’আরাকান প্রজেক্ট নামের একটি সংস্থার তথ্য অনুযায়ী, ২০১২ সালের অক্টোবর থেকে ১০ হাজারের বেশি লোক সাগর পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। এএফপি।