গতিই কেড়ে নিল তাঁর প্রাণ

হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গাড়ি প্রতিযোগিতা নিয়েই নির্মাণ করা হয়েছিল ওই সিনেমা।
সিনেমাটি ব্যবসা-সফল হলে এর পাঁচটি সিক্যুয়েল, দুটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমাসহ সাতটি পর্ব বানানো হয়েছিল। বর্তমানে অষ্টম পর্বের কাজ চলছে। এই পর্বের শুটিংয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন এই হলিউড অভিনেতা।
ফেসবুক ও টুইটারে পোস্ট করা বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় ওয়াকার মারা যান। ওয়াকারের প্রচারণার সঙ্গে যুক্ত কর্মকর্তারা এসব বার্তা পোস্ট করেন। তাঁরা নিজেদের পরিচয় দিয়েছেন টিম পিডব্লিউ নামে।
ফেসবুকে পোস্ট করা বার্তায় জানানো হয়, ওয়াকার নিজের সংস্থা রিচ আউট ওয়ার্ল্ডওয়াইডের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। ওই সময় তাঁর এক বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। এএফপি।