চীনের জাহাজের পর এবার অস্ট্রেলিয়ার একটি জাহাজ পানির নিচে সংকেত পেয়েছে। এই সংকেত ব্লাক বক্সের সংকেতের মতোই। নতুন এই একাধিক সংকেত অনুসন্ধানে ‘সবচেয়ে সম্ভাবনাময় অগ্রগতি’ বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলীয় নৌবাহিনীর একটি জাহাজ (ওশেন শিল্ড) থেকে দুই দফায় চীনের মতো সংকেত পাওয়ার পর উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানে সাফল্যের আশা আরও জোরালো হয়েছে।
অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল হিউস্টন বলেন, ভারত মহাসাগরে আন্তর্জাতিক অনুসন্ধান দলের অভিযানে ব্যবহূত জাহাজ ও আকাশযান ‘গন্তব্যের খুব কাছাকাছি’ পৌঁছে গেছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আরও সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। তবু অনুসন্ধানকারীদের গত ২৪ ঘণ্টার প্রাপ্তি ছিল ‘খুবই উৎসাহব্যঞ্জক’।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি বেইজিংয়ের পথে গত ৮ মার্চ গভীর রাতে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হয়।
এরপর মাসব্যাপী অনুসন্ধানেও সেই উড়োজাহাজের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবার যে ‘ব্ল্যাক বক্স’ থেকে সংকেত পাওয়ার কথা বলা হচ্ছে, সেটি উড়োজাহাজের ককপিটের তথ্য-উপাত্ত সংরক্ষণের কাজে ব্যবহূত হয়। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কারণ ‘ব্ল্যাক বক্সের’ ব্যাটারি সাধারণত এক মাস স্থায়ী হয়। এপি ও এএফপি।