গভীর উদ্বেগে পাকিস্তানের প্রগতিশীল সমাজ
নিজ দেহরক্ষীর গুলিতে পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পাকিস্তানের প্রগতিশীল রাজনীতিক ও মানবাধিকারকর্মীরা। তাঁরা বলেছেন, ধর্মীয় উগ্রপন্থীরা যে পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘাঁপটি মেরে আছে, এ ঘটনায় আবার তা প্রমাণিত হলো।তাসির তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতেন। সম্প্রতি মহানবী (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে পাকিস্তানের একটি আদালত ব্লাসফেমি আইনে এক খ্রিষ্টান নারীর মৃত্যুদণ্ডাদেশ দেন। গভর্নর তাসির প্রকাশ্যে আছিয়া বিবি নামের ওই নারীর সমর্থনে বক্তব্য দেন এবং বিতর্কিত ব্লাসফেমি আইনের বিরুদ্ধেও কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, সালমান তাসির ব্লাসফেমি আইনকে কালো আইন হিসেবে অভিহিত করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে ঘাতক কাদরি স্বীকার করেছেন।বিশ্লেষকেরা বলেছেন, কাদরির মতো উগ্র মৌলবাদে বিশ্বাসী বহু লোক পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ গুরুত্বপূর্ণ বিভাগে রয়েছেন। এটা প্রগতিশীল আন্দোলনকর্মীদের জন্য সবচেয়ে চিন্তার বিষয়।ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষস্থানীয় নেত্রী শেরি রেহমান বলেছেন, ‘এটা পরিষ্কার যে আমরা ভয়ানক বিপজ্জনক অবস্থায় আছি। পাকিস্তানের সমাজব্যবস্থায় এ সমস্যা যে কত গভীরে ঢুকে পড়েছে, এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে।’দ্য হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি) বলেছে, পুলিশের মতো একটি স্পর্শকাতর বিভাগে মৌলবাদীদের উপস্থিতি তাদের উদ্বেগে ফেলে দিয়েছে।পাকিস্তান থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিক দ্য নিউজ এক প্রতিবেদনে বলেছে, এ ঘটনা প্রমাণ করল, উগ্রপন্থীরা সমাজের যেকোনো ক্ষেত্রে যেকোনো বেশ ধরে থাকতে পারে।প্রগতিশীল প্রচারকর্মীরা বলেছেন, ঘাতকের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণীর লোক সমর্থন জানানোয় তাঁরা রীতিমতো স্তম্ভিত।তাসির হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক ওয়েবসাইট ফেসবুকে হত্যাকারী কাদরির সমর্থনে একটি পেজ খোলা হয়। ঘণ্টা দুয়েকের মধ্যে ওই পেজে প্রায় দুই হাজার ইন্টারনেট ব্যবহারকারী কাদরির প্রতি সমর্থন জানায়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী আনিস জিলানি বলেন, তাসির হত্যাকাণ্ড দেশটির ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির সামনে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদারপন্থী ও প্রগতিশীল মানুষ স্বাভাবিকভাবেই এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এএফপি ও দ্য গার্ডিয়ান অনলাইন।