গভীর সংকটের মুখে গ্রিস
গভীর সংকটের মুখে পড়েছে ঋণে জর্জরিত ইউরোপীয় দেশ গ্রিস। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় কমিশনের (ইইউ) সহায়তা প্যাকেজ এবং অভ্যন্তরীণ ব্যয়-সংকোচন নীতি নিয়ে মতবিরোধের কারণে নির্বাচনের পরও সরকার গঠন করতে পারছে না দলগুলো।সমঝোতার ভিত্তিতে সরকার গঠনে ব্যর্থ হলে কয়েক সপ্তাহের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে, যা দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।গ্রিসে গত রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের পার্লামেন্টে ১০৮টি আসন পেয়ে জয়ী হয় অ্যান্তনিও সামারাসের নেতৃত্বাধীন দল নিউ ডেমোক্রেসি পার্টি। এরপর রয়েছে অ্যালেক্সিস স্ত্রিপরাসের নেতৃত্বাধীন সিরিজা পার্টি। দলটি পেয়েছে ৫২টি আসন। ৪১ আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে ইভানজেলোস ভেনিজেলোসের নেতৃত্বাধীন পাসক পার্টি। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট গ্রিকস পার্টি ৩৩, কমিউনিস্ট পার্টি ২৬, গোল্ডেন ডন ২১ ও ডেমোক্রেটিক লেফট ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় এককভাবে কেউ সরকার গঠন করতে পারছে না।নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া নিউ ডেমোক্রেসি পার্টি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় গ্রিসের প্রেসিডেন্ট ক্যারোলোস পাপৌলিয়াস গত মঙ্গলবার সিরিজা পার্টিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। সিরিজা পার্টি তিন দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে তার পরের অবস্থানে থাকা দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।সিরিজার প্রধান অ্যালেক্সিস স্ত্রিপরাস সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন।স্ত্রিপরাস ইইউ ও আইএমএফের কাছ থেকে সহায়তা প্যাকেজ পেতে গ্রিসের করা চুক্তির বেশ কিছু শর্তের বিরোধী। তিনি ওই চুক্তিকে ‘বর্বর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, তাঁরা চেষ্টা করছেন এমন একটি জোট সরকার গঠন করতে, যারা ওই চুক্তি মানবে না। স্ত্রিপরাস বলেন, সহায়তা প্যাকেজের শর্ত মেনে এক হাজার ১০০ কোটি ইউরো ব্যয়-সংকোচন করা হবে না। দেড় লাখ কর্মসংস্থান বন্ধও করা হবে না।জোট সরকার গঠনের লক্ষ্যে গতকাল বুধবার নিউ ডেমোক্রেসি ও পাসোক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা স্ত্রিপরাসের। এই দুটি দলই শর্ত মেনে সহায়তা প্যাকেজ গ্রহণের পক্ষে। তাই এই বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা।স্ত্রিপরাস কাল শুক্রবারের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে তৃতীয় অবস্থানে থাকা পাসোক পার্টিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট। পাসোক পার্টিও ব্যর্থ হলে প্রেসিডেন্ট জাতীয় ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা করবেন। প্রেসিডেন্টের উদ্যোগ সফল না হলে কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে নির্বাচন দিতে হবে।শেষ পর্যন্ত সরকার গঠন সম্ভব না হলে গ্রিস অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে কঠিন সংকটেই পড়বে।গ্রিসের ঋণ-সংকট কাটিয়ে উঠতে কঠিন শর্ত মেনে আইএমএফ ও ইইউর কাছ থেকে সহায়তা প্যাকেজ হিসেবে দুই হাজার ৪০০ কোটি ইউরো পেতে চুক্তি করে। টেলিগ্রাফ, বিবিসি ও এএফপি।