গম্ভীর পরিবেশে চীন ও জাপানের মধ্যে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিয়ে মঙ্গলবার এক বৈঠক করেছেন জাপান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে তাঁরা এই বৈঠক করেন।জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানায়, বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো গেমবা দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। অপরদিকে চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি দ্বীপপুঞ্জ নিয়ে বেইজিংয়ের সার্বভৌমত্ব ও অনড় অবস্থানের কথার পুনরুল্লেখ করেন।জাপানে সেনকাকু ও চীনে দিয়াওউ নামে পরিচিত ওই দ্বীপপুঞ্জ বর্তমানে জাপান নিয়ন্ত্রণ করলেও চীন এবং তাইওয়ান এর মালিকানা দাবি করছে। সম্প্রতি জাপানি ব্যক্তি মালিকদের কাছ থেকে টোকিও দ্বীপপুঞ্জটি কিনে নেওয়ার পর এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী জাপানের এই পদক্ষেপ চীনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন। উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দ্বীপপুঞ্জের জলসীমায় সাম্প্রতিক দিনগুলোতে চীন এবং তাইওয়ানের মাছধরা ও টহল নৌযানগুলোকে নোঙর ফেলতে দেখা যায়। গত মঙ্গলবার ওই জলসীমায় তাইওয়ানের একটি ক্ষুদ্র রণতরীবহর প্রবেশ করলে জাপান ও তাইওয়ানের জাহাজ মুখোমুখি অবস্থান নেয়। বিবিসি।