রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে গত বৃহস্পতিবার ছিল উষ্ণতম দিন। ওই দিন শহরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট দাবানলে সে দেশে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়। সাম্প্রতিক সময়ে প্রচণ্ড গরমের মধ্যে বাস করছে মস্কোবাসী। এক মাস ধরে সেখানে তাপপ্রবাহ চলছে। আবহাওয়া শুষ্ক থাকায় মস্কোর আশপাশের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, খারাপ আবহাওয়ার কারণে মস্কো শহরের বেশ কিছু অংশে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেড়ে গেছে। এসব এলাকার বাসিন্দাদের মুখোশ (মাস্ক) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। খরাকবলিত ২০টিরও বেশি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, ভোরোনেঝ অঞ্চলে বৃহস্পতিবার দমকলকর্মীসহ পাঁচজন মারা গেছেন। নিজনি নভগরোদে কমপক্ষে দুজনের মৃত্যু হয়। মস্কো অঞ্চলে আগুন নেভাতে গিয়ে মারা গেছেন একজন দমকলকর্মী। দাবানলে বেশ কয়েকটি গ্রামে পাঁচ শতাধিক কাঠের ঘর পুড়ে গেছে। দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন গতকাল নিজনি নভগরোদ অঞ্চল পরিদর্শন করেন। সেখানে আগুনে তিন শতাধিক বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাথাপিছু দুই লাখ রুবল (ছয় হাজার ৬১৪ ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। দাবানল নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। দাবানল নিয়ন্ত্রণে উড়োজাহাজ থেকে এরই মধ্যে কয়েক হাজার টন পানি ফেলা হয়েছে। কিন্তু মস্কোর বাইরে গতকালও কয়েক ডজন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা বেশ কিছু এলাকার বাতাসে মাত্রাতিরিক্ত কার্বন মনোক্সাইডের উপস্থিতির বিষয়ে সতর্ক করেছেন। মেদভেদেভের উপদেষ্টার পদত্যাগ: রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মানবাধিকারবিষয়ক পরিষদের প্রধান এলা পামফিলোভা গতকাল আকস্মিকভাবে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে পামফিলোভা বলেন, ‘আমি মানবাধিকার পরিষদের চেয়ারপারসন হিসেবে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে কেউ আমাকে বাধ্য করেনি।’ তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি পদত্যাগের কারণ জানাতে পারব না।’ গোয়েন্দা সংস্থা এফএসবির ক্ষমতা বাড়ানোর বিতর্কিত একটি বিলে মেদভেদেভ স্বাক্ষর করার এক দিন পর পামফিলোভা পদত্যাগের ঘোষণা দিলেন। এএফপি।