গরিব বলেই তাঁরা ‘গিনিপিগ’!
ভারতের বিভিন্ন হাসপাতালে গোপনে ক্লিনিক্যাল ট্রায়াল বা নতুন ওষুধ পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেসব পরীক্ষায় গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে দেশটির নিম্নবর্ণের হতদরিদ্র মানুষকে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, বুকে ব্যথা অনুভব করায় ২০০৯ সালে চন্দ্রকলা বাই নামের এক নারীকে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পুত্রবধূ নিতু সোদি বলেন, ‘আমরা দলিত সম্প্রদায়ের মানুষ। হাসপাতালে চিকিৎসকের দেখা পেতে আমাদের দীর্ঘ লাইনের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কিন্তু সেদিন চিকিৎসক আমাদের অনেক দামি ওষুধ দিলেন। হাসপাতালে গেলে মাত্র পাঁচ রুপিতে একটি রসিদ দেওয়া হয়েছিল। চিকিৎসকেরা বলেন, তাঁরা আমাদের এক লাখ ২৫ হাজার রুপি দামের ওষুধ দেবেন। বেশি দামের ওষুধের বাকি অর্থ সরকারি তহবিল থেকে জোগানো হবে।’প্রতিবেদনে বলা হয়, নিতু বুঝতেই পারেননি যে তাঁর শাশুড়ির ওপর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োজেনের ‘টোনাপোফিলিন’ ওষুধের পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকেরা। ওই ওষুধ সেবনের পর তাঁর শাশুড়ির হূদ্যন্ত্রে সমস্যা দেখা দেয়। কয়েক সপ্তাহের মধ্যে মারা যান তিনি।চন্দ্রকলা বাইয়ের বেলায়ই শুধু এমনটি ঘটেছে, তা নয়। একই ঘটনা ঘটেছে নারায়ণ সুরভাইয়াসহ আরও অনেকের ক্ষেত্রে। নারায়ণের মায়ের পায়ের সমস্যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁকে দামি ওষুধ দেওয়া হচ্ছে বলে জানানো হয়। ওষুধ সেবনের পর তাঁর মায়ের স্বাস্থ্যহানি ঘটে এবং তিনি পঙ্গু হয়ে যান।বিবিসির প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভারতের নিম্নবর্ণের গরিব মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছে। গত সাত বছরে তিন হাজার ৩০০ রোগীর মধ্যে ৭৩টি ওষুধের পরীক্ষা চালানো হয়েছে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালে। এর মধ্যে পরীক্ষায় ব্যবহূত মানুষের অধিকাংশই শিশু। প্রতিবেদন অনুযায়ী, ভারতের মধ্যপ্রদেশের ভোপাল মেমোরিয়াল হাসপাতালের ক্লিনিক্যাল ড্রাগ ট্রায়াল সম্পর্কে রোগীরা খুব কমই জানতে পারেন। সেখানে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই বিভিন্ন জটিলতার শিকার হয়েছেন এবং মারাও গেছেন। প্রতিবেদনে বলা হয়, ভারতে নতুন ওষুধ সেবনের পরিসংখ্যান অনুযায়ী সাত বছরে দুই হাজারের বেশি পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিখ্যাত বায়োজেন থেকে শুরু করে গ্ল্যাক্সোস্মিথের নাম। ২০০৮ সালে ওষুধ পরীক্ষার কারণে ২৮৮ জন মারা যান। ২০১১ সালে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৮ জনে পৌঁছায়।ক্লিনিক্যাল ট্রায়ালের সময় বিধি মেনে রোগীর সঙ্গে চুক্তি সই করতে হয়। তবে পরীক্ষার রোগীকে ব্যবহার করার ক্ষেত্রে সম্মতি নেওয়া তো দূরের কথা, পুরো বিষয়টিই গোপন রাখা হয়।হতদরিদ্র মানুষের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার গোপন বিষয়টি চোখে পড়েছিল চিকিৎসক আরনান্দ রাইয়ের। এ নিয়ে মুখ খোলায় হাসপাতাল থেকে তাঁর চাকরি চলে যায়। আরনান্দের ভাষ্য, পরীক্ষা-নিরীক্ষার জন্য সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার নিয়ম থাকলেও শুধু দরিদ্র, অশিক্ষিত রোগীদের বেছে নেওয়া হয়, যাঁরা মোটেও ক্লিনিক্যাল ড্রাগ ট্রায়াল বিষয়টি জানেন না। বিবিসি।