গরিবদের অবশ্যই অর্থনীতির সুফল পেতে হবে: রাহুল
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল অবশ্যই গরিবদের পেতে হবে।গতকাল বৃহস্পতিবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল এ কথা বলেন। সম্মেলনে তিনি বলেন, ‘একমাত্র আমরা যদি সবাই একসঙ্গে দাঁড়াতে পারি, তাহলে দেশ এগিয়ে যাবে। কাজেই আমাদের সঙ্গে গরিব ও দুর্বলদেরও এগিয়ে নিতে হবে।’ভারতের মন্থর অর্থনীতি ও বিপুল বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও রাহুল বলেন, ‘গরিবদের সহযোগিতা দেওয়ার জন্য আমি ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারি গড়তে চাই। সেই সঙ্গে ক্ষমতাশালী ভারতকে মন্থর অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি দিতে চাই।’ভারতের ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে সম্মেলনে ব্যবসায়ী সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন রাহুল। এ জন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য অবকাঠামোগত পরিবর্তন আনার বিষয়ে জোর দেন। তবে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন কি না, এমন প্রশ্নে রাহুল বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হব কি না, এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন।’ এ ছাড়া ভারতের শতকোটি মানুষ তাদের কণ্ঠস্বর খুঁজে পাক—এটাই তাঁর লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।কংগ্রেস একমাত্র দল, যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় উল্লেখ করে রাহুল বলেন, দেশের মানুষ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে। কারণ, ইউপিএ জোট সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন করে সবার মধ্যে ঐক্য স্থাপন করতে পেরেছে। পিটিআই।