গরিবদের মণিকোঠায় ছিলেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ২৩টি প্রদেশের একটি মিরান্দা। জনসংখ্যায় জুলিয়া প্রদেশের পরই এর অবস্থান। প্রায় ৩০ লাখ মানুষের বসবাস এই প্রদেশে। হুগো চাভেজের শাসনামলে দেশটির দারিদ্র্যের হার অর্ধেকে নেমে এলেও মিরান্দার গা থেকে দৈন্যের ছাপ এখনো মুছে যায়নি।রাজধানী কারাকাসের পার্শ্ববর্তী এই প্রদেশের অসংখ্য বাড়ি ঢেউটিনের তৈরি। ছড়িয়ে-ছিটিয়ে আছে আস্তাকুঁড়। একটি পরিবারের সুস্থ বিকাশের ক্ষেত্রে যা আদর্শ পরিবেশ নয়।মিরান্দার পিতেয়ার শহরের বাসিন্দা নির্মাণশ্রমিক তাইনা ক্যারিল্লো (৩৫) জানান, চাভেজ ক্ষমতা গ্রহণের আগে এখানকার অবস্থা ছিল আরও নাজুক। ক্যারিল্লো বলেন, ‘আমাদের এখন তিনতলাবিশিষ্ট একটি ক্লিনিক রয়েছে। শুধু এ কারণেই আমি চাভেজের শতভাগ ভক্ত।’ ক্যারিল্লো বলেন, ‘তিনি আমাদের নিয়ে ভাবতেন। আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেন। তাঁকে কখনোই ভোলা যাবে না।’চাভেজের শত্রুরা স্বৈরশাসক, সন্ত্রাসী, বাতিকগ্রস্ত, গোঁয়ার কিংবা মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে তাঁকে ভাবতে পারেন, কিন্তু ভেনেজুয়েলার দরিদ্র জনগোষ্ঠীর মণিকোঠায় তিনি চিরদিন থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই সময়ে তাঁর সম্পূর্ণ মনোযোগ ছিল দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা লাঘব নিয়ে।প্রিয় নেতার কফিন নিয়ে গত বুধবার কারাকাসের রাস্তায় শবযাত্রা করেছেন হাজার হাজার মানুষ। তাঁরা ছিলেন অশ্রুসজল। করেছেন আর্তনাদ। অনেকেই বুক চাপড়ে শোক প্রকাশ করেছেন। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশির ভাগ সমর্থক গায়ে চড়িয়েছেন উজ্জ্বল লাল শার্ট। চাভেজের সমাজতান্ত্রিক আন্দোলনের পোশাকি প্রতীক হচ্ছে এই লাল শার্ট।মেন্দোজা (২৫) নামের এক শিক্ষক বলেন, ‘চাভেজ ক্ষমতা গ্রহণের আগে দরিদ্র, প্রতিবন্ধী শিশুরা ছিল অবহেলিত। সরকারের কোনো সুযোগ-সুবিধাই তারা পায়নি। কিন্তু চাভেজ ক্ষমতা গ্রহণের পর পুরো চিত্রই পাল্টে যায়। আমাদের এখন একটি নতুন স্কুল আছে। নতুন পাঠ্যসূচির পাশাপাশি এখন এখানে নিয়মিত খেলাধুলা, শিক্ষাসফরও হয়।’ মেন্দোজা বলেন, ‘তিনি (চাভেজ) আমাদের স্বপ্ন দেখিয়েছেন। এ কারণেই আমি একজন চাভিস্তা (চাভেজের আদর্শের অনুসারী)।’প্রকৌশলী ভিসেন্তে রদ্রিগেজ (৪৭) বলেন, ‘চাভেজ আমাদের কাছে একটি বিপ্লবী ভাবমূর্তির চেয়ে বেশি কিছু। তিনি আমাদের জীবনমান উন্নয়নে কাজ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত দরদি।’ রদ্রিগেজ বলেন, ‘আগে আমি রাজনীতি নিয়ে বিন্দুমাত্র ভাবতাম না। কিন্তু তিনিই (চাভেজ) আমাকে রাজনীতিতে এনেছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছেন।’ লস এঞ্জেলেস টাইমস।