গরীবদের সামনে শতবর্ষের অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বের বিপুলসংখ্যক দরিদ্র মানুষ  ২০১৫ সালের মধ্যে মৌলিক নানা পরিষেবা পাবে কি না, সে প্রশ্ন অবান্তর। তারা এসব সুবিধা ২০৩০, এমনকি ২০৯০ বা এরও  পরে পেতে পারে’
‘বিশ্বের বিপুলসংখ্যক দরিদ্র মানুষ ২০১৫ সালের মধ্যে মৌলিক নানা পরিষেবা পাবে কি না, সে প্রশ্ন অবান্তর। তারা এসব সুবিধা ২০৩০, এমনকি ২০৯০ বা এরও পরে পেতে পারে’

সহায়তা কর্মসূচির ধরনে ব্যাপক পরিবর্তন না আনলে বিশ্বের চরম দরিদ্র মানুষদের মৌলিক স্বাস্থ্যসুবিধা, শিক্ষা ও স্যানিটেশনের সুবিধা পেতে আরও ১০০ বছর অপেক্ষা করতে হবে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ওভারিসজ ডেভেলপমেন্ট ইনস্টিিটউটের (ওডিঅাই) এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, সাহায্য সংস্থাগুলোকে আরও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হতে হবে। তাদেরকে বিশ্বের বাণিজ্য পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আর পরিমাণের চেয়ে তাদের মানের দিকে নজর দিতে হবে।
প্রতিবেদনটির প্রধান প্রণেতা লেনি ওয়াইল্ড বলেন, ‘বিশ্বের বিপুলসংখ্যক দরিদ্র মানুষ ২০১৫ সালের মধ্যে মৌলিক নানা পরিষেবা পাবে কি না, সে প্রশ্ন অবান্তর। তারা এসব সুবিধা ২০৩০, এমনকি ২০৯০ বা এরও পরে পেতে পারে।’
জাতিসংঘের ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পূরণ হওয়ার শেষ বছর ২০১৫ সাল। তবে স্যানিটেশন ও স্বাস্থ্য খাতে জাতিসংঘের লক্ষ্যমাত্রা এখনো পূরণ হয়নি।
প্রতিবেদনে বলা হয়, উন্নয়নের ধরনে পরিবর্তন না এনে অাগের ধারা বজায় থাকলে কোনো উন্নয়ন ঘটবে না। আগের মতোই ব্যর্থ হবে উন্নয়ন-প্রক্রিয়া। এর উদাহরণ হিসেবে প্রতিবেদনে সাব সাহারা আফ্রিকার সবচেয়ে দ্রুত বর্ধিষ্ণু অর্থনীতির দেশ কেনিয়ার কথা উল্লেখ করা হয়। দেশটি ১৫০ বছরেও সব মানুষের কাছে স্যানিটেশন সুবিধা পেঁৗছে দিতে পারবে না। ইউনেসকোর উপাত্ত তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ঘানার সব নারীকে সন্তান জন্ম দেওয়ার সময় প্রশিক্ষিত ধাত্রী পেতে ৭৬ বছর অপেক্ষা করতে হবে।
সাব সাহারা আফ্রিকার প্রতিটি দেশে ছেলেদের মতো প্রাথমিক বিদ্যালয় শেষ করার সুযোগ পেতে মেয়েদের অন্তত ৬৫ বছর অপেক্ষা করতে হবে।
‘এক কৌশলেই সব জায়গায় কাজ হবে’ উন্নয়ন কর্মকাণ্ডের প্রচলিত এ ধারায় পরিবর্তন আনার তাগিদ দেওয়া হয় প্রতিবেদনে। বলা হয়, রাজনৈতিক বাস্তবতা এবং বাস্তবায়নের সক্ষমতা বিবেচনা না করেই প্রকল্প নেওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। ওডিঅাই বলছে, উন্নয়ন সংস্থাগুলোকে তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। প্রকৃত অর্থে সমস্যার সমাধান হতে পারে, এমন মনোভাব নিয়ে কাজ শুরু করা উচিত। যেভাবে ব্যবসায় শুরু করার সময় প্রস্তুতি নেওয়া হয়, তেমনটাই করতে হবে।
ওডিঅাইয়ের লেনি ওয়াইল্ড বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, যেসব উন্নয়ন প্রকল্প সফল হয়েছে, সেগুলোর কৃতিত্ব স্থানীয় মানুষের। রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ হওয়া এসব প্রকল্প সফল হওয়ার একটি কারণ। প্রকল্পের সঙ্গে জড়িত কর্মীদের উদ্ভাবনী কৌশলও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কত অর্থ ব্যয় হচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এ সহায়তা কীভাবে ব্যয়িত হচ্ছে তার ওপর।’
গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি করা একটি সংগঠন ‘সহায়তার বাইরে’ এসে তাদের কর্মসূচি পরিচালনার জন্য দেশটির সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানায়। যেসব দেশে এসব সংস্থা কাজ করে, সেখানে সহযোগিতার নতুন ধরন খুঁজতেও তারা আহ্বান জানায়।