গরু বাঁচাতে ফ্রান্সের পানি 'চুরি' সুইস সেনাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপপ্রবাহের সময় তৃষ্ণার্ত গরুদের জন্য সীমানা পেরিয়ে ফ্রান্সের হ্রদ থেকে পানি ‘চুরি করেছে’ সুইজারল্যান্ডের সেনারা। হেলিকপ্টারে করে হ্রদ থেকে ওই পানি তুলে নেওয়া হয়।
ফ্রান্সের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে সুইজারল্যান্ডের সমালোচনা করেছেন। সে দেশের কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, সীমান্ত এলাকার গরুদের পানিশূন্যতা থেকে বাঁচাতে ওই কাজ করা হয়।
ফ্রান্সের জুহা পার্বত্য অঞ্চলের হুস হ্রদে সুইস সেনারা ওই অভিযান চালায়।
ফরাসি সরকারি কর্মকর্তারাও পরে বিষয়টি জেনে বিস্মিত হন। তাঁরা বলেছেন, এ জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি। তবে সুইজারল্যান্ড বলেছে, ফ্রান্সের ওই এলাকার স্থানীয় কর্তৃপক্ষ নয়, এ জন্য বিমানবাহিনীর অনুমতি নেওয়া হয়েছে।
সুইস সেনাবাহিনীর কর্মকর্তা ডেনিস ফ্রোয়াদেভ বলেন, ‘ফরাসি কর্তৃপক্ষ যোগাযোগ করার পর আমরা জানতে পারি একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। তখনই আমরা এটা বন্ধ করে দিই।’ বিবিসি।