গর্ভপাতের বিরুদ্ধে হুঁশিয়ারি দ. কোরিয়ার সরকারের
অবৈধ গর্ভপাতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অবৈধ গর্ভপাতকে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যায়িত করে তা দমনের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় একটি কল সেন্টার চালু করেছে। ওই সেন্টারে যে-কেউ ফোন করে অবৈধ গর্ভপাতকারী ও সাহায্যকারীর ঠিকানা জানাতে পারবেন। আর যদি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর সত্যতা মেলে, তবে তাকে শাস্তি ভোগ করতে হবে। আর যে ব্যক্তি বিষয়টি জানাবেন, তাঁকে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে।সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এগিয়ে এসেছে ধাত্রী ও প্রসূতিবিদ্যার সঙ্গে জড়িত চিকিত্সকদের সংগঠন। তারা বলছে, তারা সরকারি নির্দেশনা মেনে চলবে এবং গর্ভপাত বন্ধ করাবে। আর যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের নিবন্ধন বাতিল করা হবে।কিন্তু হঠাত্ করে কেন দক্ষিণ কোরিয়া সরকার গর্ভপাতের বিরুদ্ধে এমন রুদ্ররূপ ধারণ করেছে। পরিসংখ্যান বলছে, দেশটিতে দিনে দিনে জন্মহার কমে যাচ্ছে। ছেলেমেয়েরা বেশি বয়সে বিয়ে করছে। এমনকি তারা সন্তান নিতেও অনীহা দেখাচ্ছে। গত বছর মোট শিশু জন্ম নিয়েছে চার লাখ ৪৫ হাজার, যা আগের বছরে চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ কম। দেশটিতে বর্তমান জনসংখ্যা পাঁচ কোটি। কিন্তু এক দশকের মধ্যে এ সংখ্যা অনেক কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।এর মধ্যে দক্ষিণ কোরিয়া সরকার বেশি সন্তান জন্ম দেওয়া বাবা-মার জন্য বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছে। এএফপি।