গর্ভাবস্থার ফ্লুইড কমাবে হাড়ের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুকে ঘিরে থাকা অ্যামনিওটিক ফ্লুইডের (গর্ভাবস্থায় তৈরি হওয়া তরল পদার্থ) কোষগুলো হাড়ের বয়ঃপ্রাপ্তি রোধ ও হাড়ের রোগ প্রতিরোধ করতে পারে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এ কথা বলেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞানীরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন। সায়েন্টিফিক রিপোর্টসে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, অ্যামনিওটিক ফ্লুইডের কোষগুলো হাড়ের শক্তি বাড়ায় এবং হাড় ফাটা রোধ করে প্রায় ৮০ শতাংশ।

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের ফলে জেনেটিক রোগ নিয়ে জন্ম নেওয়া শিশু এবং বয়স্ক ব্যক্তিরা, এমনকি নভোচারীরা পর্যন্ত উপকৃত হবে। আগামী দুই বছরের মধ্যে মানুষের ওপর এই পরীক্ষা চালানো হবে।

অ্যামনিওটিক ফ্লুইড মাতৃগর্ভে শিশুকে রক্ষা করে এবং শিশুকে বেড়ে উঠতে সহায়তা করে। এই ফ্লুইডের মধ্যে রয়েছে স্টেম সেলস। গবেষকেরা অন্তঃসত্ত্বা নারীর স্ক্রিনিং পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতিতে থেকে যাওয়া বা জন্মদানের কিছু সময় আগে ওই অ্যামনিওটিক স্টেম সেলস সংগ্রহ করেন। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল অ্যান্ড ইউনিভার্সিটি কলেজের সহযোগিতায় ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের একদল গবেষক রোগাক্রান্ত ইঁদুরের শরীরে ওই কোষগুলো ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান। ভঙ্গুর ও দুর্বল হাড় এবং হাড়জনিত রোগে আক্রান্ত ছিল ওই ইঁদুরগুলো।

মানুষের ক্ষেত্রে প্রতি ২৫ হাজারে একজন হাড়জনিত রোগ নিয়ে জন্ম নেয়। এ ছাড়া চিড় ধরা হাড় নিয়ে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে।

ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, ইঁদুরগুলোর হাড়ের শক্তি, নমনীয়তা ও গঠন বৃদ্ধি পেয়েছে। হাড় ফাটা কমেছে এক-পঞ্চমাংশ।

গবেষণায় জড়িত চিকিৎসক পাসকেল গুইলট বলেন, তাঁদের পরীক্ষার এই ফল থেকে শিশু থেকে বৃদ্ধ—সবাই উপকৃত হবে। দুর্বল হাড় নিয়ে জন্ম নেওয়া শিশু এবং হাড় ক্ষয়জনিত রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিরা উপকৃত হবেন।

ওই চিকিৎসক বিবিসিকে বলেন, ‘আমি অত্যধিক উত্তেজিত। কারণ, এটা বড় ধরনের সাফল্য, যা থেকে সবাই উপকৃত হবে। আমরা ইতিমধ্যে ত্বকের বয়স কমাতে মুখে ক্রিম মাখতে শুরু করেছি। এটাও একইভাবে হাড়ের ক্ষেত্রে কাজ করবে। আমার মনে হয়, আগামী অল্প কয়েক বছরের মধ্যেই আমাদের হাড়ের বয়স বাড়ার গতি কমানো এবং হাড় ফাটা ও ব্যথা রোধ করার পথ খুঁজে পাব। এটা নভোচারীদের জন্যও গুরুত্বপূর্ণ। কেননা মহাকর্ষীয় বল না থাকলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে।’