গলফ কোর্সে উট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের ব্যস্ত সড়কে হঠাৎ উট দেখে আঁতকে উঠেছিল অস্ট্রেলিয়ার ডারউইনের মানুষ। ব্যাপারটা সেখানেই শেষ নয়, কয়েক ঘণ্টা দাপিয়ে বেড়িয়ে পুলিশকে নাকানিচুবানি খাইয়ে এক সামরিক গলফ কোর্সে ঢুকে পড়ে উটটি। অবশেষে সেখানে সার্কাস থেকে পালানো প্রাণীটিকে ধরা হয় আবার।

সোমবার অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনে সকালের ব্যস্ততম সময়ে ঘটে এই ঘটনা। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে মেং সুয়ান লি নামের একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটির বর্ণনা দিয়েছেন। লি একে ‘মজার দৃশ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি তখন রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ শুনি, একজন আরেকজনকে বলছে, “দৌড়িও না, তাহলে উটটা আরও জোরে ছুটবে।” তারা উটটিকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে রাস্তার অন্য পারে চলে যায়।’

ব্যাপক চেষ্টার পর ডারউইন শহরের ‘সার্কাস রয়্যাল’ কর্তৃপক্ষ গলফ কোর্স থেকে উটটিকে ধরতে সক্ষম হয়।
|
পরে অস্ট্রেলীয় পুলিশ এক ফেসবুক পোস্টে স্বীকার করেছে, বেপথু উটটিকে বাগে আনাটা ছিল অস্বাভাবিক রকমের এক চ্যালেঞ্জ। পুলিশ কর্মকর্তা রব বুরগইন বলেন, উটটি কয়েকটি সড়কজুড়ে ছোটাছুটি করায় কিছুক্ষণের জন্য তা যান চলাচলে মহা হট্টগোল বাধিয়ে দেয়।