গলফ খেলায় বুশকে পেছনে ফেলেছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এক বছর তিন মাস হলো। কিন্তু এরই মধ্যে তিনি তাঁর পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশকে একটি বিষয়ে ছাড়িয়ে গেছেন—যা বুশ তাঁর দুই আমল মিলেও করতে পারেননি। ক্ষমতাসীন হওয়ার পর ওবামা ইতিমধ্যে ৩২ বার গলফ কোর্সে নেমেছেন। আর প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনকালে বুশ গলফ খেলেছেন ২৪ বার।সর্বশেষ গত রোববার গলফ কোর্সে নেমেছিলেন ওবামা। এদিন পোল্যান্ডের প্রেসিডেন্টের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ইউরোপের আকাশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ছাই ও ধোঁয়ায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় পোল্যান্ড সফর বাতিল করেন তিনি। সেই সুযোগে ক্লাব নিয়ে মাঠে নেমে পড়েন প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।সিবিএস রেডিওর মার্ক কলার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গলফ খেলার হিসাব রাখছেন। তবে এটি হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো হিসাব নয়।২০০৮ সালে ইরাকের রাজধানী বাগদাদে জাতিসংঘের সদর দপ্তরে বোমা হামলার সময় গলফ কোর্সে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ। এ হামলার পর তিনি তাঁর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বের সব দেশের সম্ভাব্য সবকিছু করা উচিত। এরপর টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি পোজ দিয়ে বলেন, ‘আপনাদের ধন্যবাদ, এবার আমার শটটি দেখুন।’এ বোমা হামলার ঘটনার পর বুশ গলফ খেলা বাদ দেন। তিনি বলেন, ‘যেসব সেনাসদস্য জীবন দিয়েছেন, আমি চাই না, তাঁদের মায়েরা সেসব সেনাসদস্যের সর্বাধিনায়ককে গলফ খেলতে দেখুক।’ বুশ আরও বলেন, ‘আমি মনে করি, আমি সেসব পরিবারের কাছে ঋণী। যতটা সম্ভব আমি তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চাই এবং আমি এও মনে করি, যুদ্ধের সময় গলফ খেলাটা ইতিবাচক কিছু নয়। এটা একটা ভুল সংকেত বহন করে।’যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে গলফ খেলার জন্য সবচেয়ে বেশি আলোচিত জন এফ কেনেডি। তিনি খুবই ভালো গলফ খেলতেন। তবে আলোকচিত্রীদের এড়িয়ে চলতেন এই প্রেসিডেন্ট। কারণ তিনি তাঁর গলফ খেলার ছবি তোলা হোক, এটা কখনোই পছন্দ করতেন না। আলোকচিত্রীদের দৃষ্টি এড়াতে তাঁকে অবশ্য যথেষ্ট বেগ পেতে হতো। সূত্র: বিবিসি।