গাঁজা সেবন করতেন ওবামা!
মদ বা বিয়ার পান করার চেয়ে গাঁজা সেবন বেশি বিপজ্জনক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি গাঁজা সেবনকে বদভ্যাস বলে মনে করেন। মার্কিন সাময়িকী নিউ ইয়র্কার-এর সঙ্গে আলাপকালে ওবামা এসব মন্তব্য করেন।
সম্প্রতি ওয়াশিংটন ও কলোরাডো অঙ্গরাজ্যে গাঁজা সেবনকে বৈধতা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নিউ ইয়র্কার-এর সঙ্গে আলাপকালে ওবামা বলেন, অনেকেই মনে করেন, গাঁজা সেবনকে বৈধতা দিলে অনেক সামাজিক সমস্যার সমাধান হবে। এটা ‘সর্ব রোগের ওষুধ’ হিসেবে কাজ করবে। কিন্তু এমন ধারণা ভুল। এর আগে তরুণ বয়সে নিজের গাঁজা সেবনের কথা স্বীকার করেন ওবামা। তবে তিনি একে বদভ্যাস ও পাপ বলে মনে করেন। ওয়াশিংটন ও কলোরাডোয় গাঁজা সেবনকে বৈধতা দেওয়াকে চ্যালেঞ্জিং ‘পরীক্ষা’ বলে উল্লেখ করেন।
১ জানুয়ারি থেকে কলোরাডো অঙ্গরাজ্যে গাঁজা সেবনের বৈধতা কার্যকর হয়েছে। চলতি বছরের শেষদিকে ওয়াশিংটনে তা কার্যকর করার কথা রয়েছে। বিবিসি।