গাছে বিলম্বিত এনডেভারের যাত্রা
ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে মহাকাশে চললেও এনডেভারের গতি আটকে দিল গাছ। গত শনিবার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় গাছের কারণে যাত্রা বিলম্বিত হয় মহাকাশযান এনডেভারের। এনডেভারকে রাস্তা করে দিতে কেটে ফেলতে হয়েছে রাস্তার দুই পাশের অনেক মূল্যবান গাছ। পরিকল্পনা অনুযায়ী শনিবারের মধ্যে এটি ক্যালিফোর্নিয়ার সায়েন্স সেন্টারে পৌঁছানোর কথা ছিল। স্থানীয় সময় রোববার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারের উদ্দেশে গত শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে যাত্রা শুরু করে এনডেভার। লস অ্যাঞ্জেলেসে গতকাল হাজার হাজার মানুষ এনডেভারের শেষ যাত্রা দেখতে ভিড় জমায়।ঘণ্টায় মাত্র দুই মাইল গতিতে চলছে মার্কিন মহাকাশযান এনডেভারকে বহন করা ১৬০ চাকার বিশাল এক ট্রলির গতি। ৭৫ টন ভরের এই নভোযানটি ১৯৯২ সালে মহাকাশে প্রথম যাত্রা করে। গত ২০ বছরে ২৫ বার মহাকাশ অভিযানে অংশ নেয় এটি। মহাকাশে প্রায় ১২৩ মিলিয়ন মাইল পরিভ্রমণ করেছে এনডেভার। পৃথিবীর কক্ষপথে ছিল ২৯৯ দিন। আর পৃথিবীর চারদিকে ঘুরেছে প্রায় ৪৭ হাজার বার। বিবিসি।