গাছের পাতা ও টিকটিকি খেয়ে বেঁচে থাকা!
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। খরার কবলে পড়ে সেখানকার প্রায় এক কোটি ৩০ লাখ লোক খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। বহু লোক খাবার না পেয়ে সাপ, ব্যাঙ, টিকটিকি, গাছের পাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। এ পরিস্থিতিকে এখনো সরকারিভাবে দুর্ভিক্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। তবে সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে যেসব খবর পাওয়া যাচ্ছে, তাকে অনেকেই দুর্ভিক্ষ পরিস্থিতির শামিল বলে মনে করছেন।ব্রিটিশ ত্রাণকর্মীরা বলেছেন, নাইজারে প্রায় চার লাখ শিশু না খেয়ে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রত্যন্ত ও দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট ভয়াবহ রূপ নিয়েছে। বৃষ্টির অভাবে ফসল মরে যাচ্ছে। গবাদিপশু ঘাস পাচ্ছে না। বুভুক্ষু মানুষের পাশাপাশি গরু-ছাগলও অস্থিচর্মসার হয়ে যাচ্ছে। জীবন বাঁচাতে বহু লোক খাদ্যের বিকল্প হিসেবে ঘাস, লতাপাতা খাচ্ছে। গ্রাম এলাকায় কাজ না পেয়ে লোকজন এখন রাজধানী নিয়ামের দিকে চলে আসছে। সেখানেও কাজ জুটছে না। বাধ্য হয়ে ভিক্ষা করছে। কিন্তু ভিক্ষা দেওয়ার মতো লোকের সংখ্যাও দিন দিন কমে আসছে।আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা র্যাচেল পালমার বলেছেন, ২০০৫ সালে নাইজারে যে দুর্ভিক্ষ হয়েছিল এবার সেখানে তার চেয়ে বড় ধরনের আকাল দেখা দিতে পারে। তিনি জানান, শহর এলাকার অনেকে বলেছেন, গত ফেব্রুয়ারিতেই দেশটির খাদ্য মজুদ শেষ হয়ে গেছে। বিবিসির সাংবাদিক ক্রিস মরিস সরেজমিন ঘুরে লেখা এক প্রতিবেদনে বলেছেন, তিনি সেখানে হাড় জিরজিরে বহু মানুষ দেখেছেন। এমন সব গবাদিপশু দেখেছেন যারা খাবার না পেয়ে দাঁড়ানোর মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। তবে তিনি বলেছেন, নাইজারের বহু মানুষ এখনো আশা করছে শিগগিরই বৃষ্টি হবে এবং অচিরেই এ দুঃসহ পরিস্থিতির অবসান ঘটবে। এপি ও বিবিসি অনলাইন।