গাছের পাতায় সোনা!
টাকা গাছে না ধরলেও গাছের পাতায় লুকিয়ে থাকতে পারে বহুমূল্য ধাতু সোনার কণা। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী এমনটিই দাবি করছেন।
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে। ধারণা করা হচ্ছে, সোনার মতো ধাতুও একই প্রক্রিয়ায় শোষিত হয়। তবে গাছের পাতায় যে স্বর্ণকণা জমে থাকে, তা স্বাভাবিকভাবেই খালি চোখে দেখা সম্ভব নয়।
কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) বিজ্ঞানীরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার খনিজসমৃদ্ধ ক্যালগুর্লি এলাকায় ইউক্যালিপটাস গাছের পাতার ভেতরে সোনার কণা আবিষ্কার করেন। সংশ্লিষ্ট ভূরসায়নবিদ মেল লিন্টার্ন দাবি করেন, ইউক্যালিপটাস গাছ শিকড়ের সাহায্যে ভূপৃষ্ঠের ১০০ ফুট নিচ থেকে স্বর্ণকণা শোষণ করতে পারে। এ ক্ষেত্রে গাছটি একটি পানির পাম্পের মতো কাজ করে। আর সেই কণা গাছের জন্য সম্ভবত বিষাক্ত। তাই সেটি পাতার মাধ্যমে বের হয়ে যায়। এ উদ্ভাবনের বিষয়টি সোনার নতুন মজুত খুঁজে পেতে সহায়তা করতে পারে বলে মনে করা হচ্ছে। এএফপি।