গাজা অবরোধ শিথিল করল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে ইসরায়েল অবশেষে গাজার ওপর আরোপিত অবরোধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়। এর ফলে বিভিন্ন দেশ ও সংস্থা চার বছর ধরে অবরুদ্ধ গাজাবাসীর জন্য খাবারদাবার থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাতে পারবে। তবে ইসরায়েল পণ্যসামগ্রীর যে তালিকা তৈরি করে দিয়েছে তার বাইরে কোনো নির্মাণ ও পণ্যসামগ্রী গাজায় ঢুকতে দেওয়া হবে না।গত ৩১ মে গাজামুখী ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলি কমান্ডো হামলায় নয়জন তুর্কিসহ বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত হওয়ার পর থেকেই গাজা আবরোধ শিথিলের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা দেশটির ওপর চাপ সৃষ্টি করে আসছে। এরই প্রেক্ষাপটে ইসরায়েল কট্টরপন্থী হামাস-শাসিত গাজা ভূখণ্ডে ২০০৬ সাল থেকে চলা অবরোধ কিছুটা শিথিলের একটা পরিকল্পনা নেয়। গতকাল মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করে।প্রস্তাবটি অনুমোদনের পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, বেসামরিক লোকদের জন্য প্রয়োজন এমন পণ্যসামগ্রী এখন থেকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে গাজায় যেসব অবকাঠামো নির্মাণ করা হবে, সেগুলোর জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সেখানে পাঠানো যাবে। গাজায় কী পাঠানো যাবে, কী পাঠানো যাবে না তার একটি তালিকা তৈরি করে দিয়েছে ইসরায়েল। নিরাপত্তার দোহাই দিয়ে তালিকা থেকে নিত্যপ্রয়োজনীয় অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। টয়লেট পেপার, আদার মতো অতি সাধারণ জিনিসকে নিরাপত্তা-ঝুঁকি হিসেবে আখ্যায়িত করে সেগুলো প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নির্মাণকাজে ব্যবহূত লোহার পাইপ দিয়ে হামাস যোদ্ধারা রকেট লঞ্চার তৈরি করতে পারে, এমন আশঙ্কায় এটি প্রবেশ তালিকার বাইরে রাখা হয়েছে। সিমেন্ট দিয়ে গাজাবাসী বাঙ্কার বা টানেল তৈরি করতে পারে এমন সন্দেহের কারণে এ পণ্যটিকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।এদিকে গত বুধবার পণসামগ্রী বোঝাই আটটি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। ২০০৬ সালের পর এই প্রথম খাদ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী প্রবেশ করতে দেওয়া হলো গাজায়। সে বছর হামাস নিয়ন্ত্রিত ইসলামি সরকার গাজার ক্ষমতা গ্রহণ করে। আর তখন থেকেই ইসরায়েল ও মিসর গাজার ওপর অবরোধ আরোপ করে। এই অবরোধ নিরসনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের প্রতি অনুরোধ জানায়। ইসরায়েল এত দিন এতে ভ্রুক্ষেপ করেনি। বিবিসি, এএফপি