গাজায় উপর্যুপরি রকেট হামলার পাশাপাশি বিমান থেকে ভারী গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। একই সঙ্গে বড় ধরনের স্থল হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তেল আবিব। গতকাল শুক্রবার সেনাবাহিনীর অতিরিক্ত ১৬ হাজার সেনাকে ব্যারাক থেকে তলব করা হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, অপারেশন পিলার অব ডিফেন্স নামের অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সেনাবাহিনীর অতিরিক্ত ৩০ হাজার সেনাকে ব্যারাক থেকে তলবের অনুমোদন দেন। সেনাবাহিনীর অনুরোধের ভিত্তিতে এরই মধ্যে অতিরিক্ত ১৬ হাজার সেনাকে তলবের প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো সময় অভিযান শুরুর জন্য এই সেনাদের মোতায়েন করা হতে পারে।অভিযান শুরুর আগে গাজা থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেটও বিতরণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই গতকাল গাজায় ঝটিকা সফর করেছেন মিসরের প্রধানমন্ত্রী হিশাম কানদিল। তিন ঘণ্টার সফরে তিনি হামাসের রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানান। একই সঙ্গে কায়রো যুদ্ধবিরতির আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।মিসরের প্রধানমন্ত্রী গাজায় একটি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি জানান, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে মিসর সর্বাত্মক চেষ্টা চালাবে।তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী রফিক আবদেস সালেম এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি অভিযানকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। আজ শনিবার একটি প্রতিনিধিদলকে নিয়ে তাঁর গাজা সফরের কথা রয়েছে।হামাসের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গতকাল ভোরে বেশ কয়েকটি ইসরায়েলি বিমান গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এ সময় গাজা শহরকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়।বুধবার ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ আল জাবারি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলের বিরামহীন বিমান হামলায় দুই দিনে চার শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর জবাবে বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের তিন নাগরিক নিহত হয়।গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় গতকাল আরও তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামলার নিন্দা জানিয়ে একে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।ইসরায়েলে রকেট হামলা বন্ধে হামাসকে চাপ দিতে মিসর, তুরস্ক ও ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বসার কথা। এএফপি ও রয়টার্স।