গাজার দুর্ভোগ লাঘবে মুরসি-হানিয়া বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভবনে ফিলিস্তিনের গাজা অংশের সরকারপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন। মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই নেতা গাজার ওপর মিসরের আরোপ করা অবরোধের অবসান ও সেখানকার অধিবাসীদের দুর্ভোগ লাঘবের উপায় নিয়ে আলোচনা করেছেন। ২০০৭ সালে গাজা থেকে ফাতাহকে উৎখাত করে হামাস। এরপর ইসরায়েলের অনুরোধে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক গাজার ওপর অবরোধ আরোপ করেন। মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এই নিষেধাজ্ঞার অবসান ঘটাবেন বলে আশা প্রকাশ করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া।বৈঠকের পর ফিলিস্তিনির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, শিগগিরই গাজার সঙ্গে মিসর তাদের সীমান্ত খুলে দিচ্ছে না, তবে বিদ্যুৎসংকট লাঘবে কাতার থেকে মিসর হয়ে গাজায় তেলের সরবরাহ বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন মিসরের গোয়েন্দাপ্রধান মুরাদ মুয়াফি।গত সপ্তাহে হামাস নেতা খালেদ মিশাল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ মুরসি। বিবিসি, রয়টার্স।