গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত ১৭
রকেট হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় গতকাল সোমবার রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত রোববার রাতেও ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ‘প্রটেকটিভ এজ’ নামের বিমান অভিযানের আওতায় এ অভিযান চালানো হয়।
খান ইউনুস নামের গাজা উপত্যকার একজন প্রত্যক্ষদর্শী জানান, অভিযানে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল, বিশেষ করে খান ইউনুস এলাকার বাড়িঘরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
বাড়িঘরে হামলা চালিয়ে ইসরায়েল সীমা অতিক্রম করেছে বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জেদাইন আল-কাসেম ব্রিগেডস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা হামলার মাত্রা আরও বাড়িয়ে দেব। এই হামলার ভয়াবহতা শত্রুপক্ষ চিন্তা করতে পারবে না।’
ফিলিস্তিনের চিকিত্সকেরা জানান, গতকাল রাতের বিমান হামলা আহত ব্যক্তিদের মধ্যে সাতটি শিশু ও দুজন নারী রয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সন্ত্রাসীদের চারটি বাড়ি, রকেট উেক্ষপণস্থান, অবকাঠামোসহ ৫০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামাস সদস্যদের আক্রমণ করতে ও গাজা থেকে ফিলিস্তিনি রকেট হামলা বন্ধে এ হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, গাজা উপত্যকার কাছে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে স্থল বাহিনীও হামলা চালানো যাবে। আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আরও সেনা মোতায়েন করা হবে।
গতকাল ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলা চালায় হামাস। ইসরায়েল দাবি করেছে, স্বল্প সময়ের মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৪০টির বেশি রকেট হামলা চালায় হামাস।
এদিকে হামলার দায় স্বীকার করেছে ইজ্জেদাইন আল-কাসেম ব্রিগ্রেডস। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লোকজনের ওপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার জবাবে রকেট হামলা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের হুমকিতে ভীত নই। এবং তাদের শর্ত মোতাবেক আত্মসমর্পণও করব না। আমরা তোমাদের হামলার জবাব দেব।’ এএফপি।