গাজায় ইসরায়েলের অনির্দিষ্টকালের বিমান হামলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামপন্থী গোষ্ঠী হামাসের রকেট নিক্ষেপের জবাবে গত সোমবার রাতে এ হামলা শুরু করে ইসরায়েল।তবে হামাসের দাবি, এর আগের দিন রোববার ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাদের ছয় সদস্যকে হত্যা করে। খবর বিবিসি ও এএফপির।
সোমবার রাতের বিমান হামলায় দুই নারী ও এক শিশুসহ অন্তত ১৫ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবিলম্বে এই হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
হামাস বলেছে, তাদের ছয়জন যোদ্ধাকে হত্যা এবং ‘ইহুদিবাদী আগ্রাসন’-এর জবাবেই তারা দক্ষিণ ইসরায়েলে রকেট ছুড়েছে। অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বলেছে, গাজা থেকে রকেট হামলা ঠেকাতেই অনির্দিষ্টকালের জন্য এই বিমান হামলা শুরু করেছে তারা। আগামী দিনগুলোতে অভিযানের আওতা আরও বাড়ানো হবে। অভিযানের জন্য বাহিনীর দেড় হাজার সদস্য নামছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বিবিসিকে বলেন, বিমান অভিযান আরও জোরালো করার ক্ষমতা ইসরায়েলের রয়েছে। এ ছাড়া স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেন, সোমবার রাতভর গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গাজা সীমান্তের কাছে আরও সেনাসমাবেশ ঘটিয়েছে ইসরায়েল। তবে দেশটির মন্ত্রিসভা এখনই স্থল অভিযান শুরুর বিষয়টি অনুমোদন করেনি। ওদিকে গাজা সীমান্তের ৪০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলোর স্কুল ও গ্রীষ্মকালীন শিবির বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।