গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা চলছেই, নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে। গত বুধবার রাতেও গাজার ১০৮টি লক্ষ্যবস্তুতে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে তিন দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়।
ইসরায়েলি হামলার জবাবে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে হামাস। তবে রকেট হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
ফিলিস্তিন-ইসরায়েল চলমান পরিস্থিতিকে ‘চরম উৎকণ্ঠার’ উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন উভয়পক্ষকে যুদ্ধবিরতি ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্তের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ইসরায়েলি তিন স্কুলছাত্র ও ফিলিস্তিনি এক কিশোরকে অপহরণের পর হত্যার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা যায়। ইসরায়েলে তিন ছাত্রকে অপহরণ ও হত্যার জন্য হামাসকে দায়ী করেছে। তবে হামাস অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনার পর ইসরায়েলের চরমপন্থীরা এক ফিলিস্তিনি ছাত্রকে অপহরণের পর হত্যা করে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বুধবার মধ্যরাতের পর থেকে ফিলিস্তিনের ১০৮টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এ সময় হামাস ইসরায়েল ভূখণ্ডে ১২টি রকেট হামলা চালায়। এর মধ্যে সাতটি রকেট ইসরায়েলি আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়।
ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস তেল আবিব লক্ষ্য করে দুটি এম-৭৫ রকেট ছোড়ার কথা স্বীকার করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খান ইউনিস এলাকায় একটি বাড়ি ও একটি ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশু ও তিন নারীসহ অন্তত ১৭ জন নিহত হন। এ ছাড়া বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি গাড়িতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হন। গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় একজন নিহত হয়। বার্তা সংস্থার খবরে বলা হয়, পশ্চিমাঞ্চলে গাড়িতে হামলায় নিহত তিন ব্যক্তি ইসলামিক জিহাদের সদস্য।
ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নারী-শিশু নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত মঙ্গলবার থেকে চালানো ইসরায়েলি হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছে। ইসরায়েল বলছে, এই সময়ে গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে ৩৬৫টির বেশি রকেট ছোড়া হয়েছে। আর ইসরায়েল ফিলিস্তিনি ৭৮০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
বান কি মুনের সতর্কতা: জাতিসংঘের মহাসচিব বান কি মুন সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, চলমান পরিস্থিতি ইসরায়েল-ফিলিস্তিন সংকটকে আরও ঘনীভূত করছে। এখনই এই পরিস্থিতি সামাল দিতে না পারলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
বান কি মুন ইসরায়েলে রকেট হামলা বন্ধ করতে হামাসের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংযমী আচরণ করতে এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি।