গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় গত শুক্রবার ইসরায়েলের দফায় দফায় বিমান হামলায় ১৪ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গতকাল শনিবার ফিলিস্তিনের চিকিৎসকেরা এ কথা জানান।ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বিমানবাহিনী একটি নির্দিষ্ট সীমার মধ্যে একজন জঙ্গি নেতাসহ কয়েকটি লক্ষ্যবস্তুতে ১৩টি হামলা চালিয়েছে। সামরিক বাহিনীর সূত্র আরও জানায়, গত শুক্রবার সকালে ফিলিস্তিনিরা দক্ষিণ ইসরায়েলে রকেট ও মর্টার নিক্ষেপ করে। এতে চারজন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ হামলার জবাবে ইসরায়েল ওই বিমান হামলা চালিয়েছে।ফিলিস্তিনের কট্টরপন্থী জঙ্গি সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটি (পিআরসি) জানায়, ইসরায়েলের বিমান হামলায় সংগঠনটির নেতা এবং মাহমুদ হান্নানের অনুসারী জোহায়ের আল-কায়ছি নিহত হয়েছেন। কায়ছি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে পিআরসি। পরে তারা দক্ষিণ ইসরায়েলে ৪৫টি রকেট ও গোলা নিক্ষেপ করে। ইসলামিক জিহাদের সামরিক শাখা দ্য আল-কুদস ব্রিগেডস জানায়, ইসরায়েলের বিমান হামলায় তাদের ১০ জন সদস্য নিহত হয়েছে। এএফপি।