গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৫ বছরের এক শিশুসহ পাঁচজন নিহত ও কমপক্ষে ৪১ জন আহত হয়েছে। রোববার রাতে ওই হামলা চালানো হয়।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রকেট হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে যত দিন প্রয়োজন হয় তত দিন হামলা চালানো হবে বলে অঙ্গীকার করার পর ওই হামলা চালানো হলো। এ নিয়ে গত চার দিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুসে পৃথক দুটি হামলায় চার ব্যক্তি নিহত হয়। আহত হয় আরও দুজন। এর কিছুক্ষণ পর আরও একটি বিমান হামলায় ১৫ বছরের এক শিশু নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও ছয় শিশু। স্কুলে যাওয়ার পথে তারা ওই হামলার শিকার হয়। হামাসের জরুরি সেবা সংস্থার মুখপাত্র আদহাম আবু সেলমিয়া বলেন, গাজা উপত্যাকাজুড়ে কমপক্ষে আটটি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে জাবালিয়ার শরণার্থী শিবিরে বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়। এ ছাড়া গাজা শহরের পূর্বে দুটি বিমান হামলায় দুজন আহত হয়। গাজার পূর্বাঞ্চলের বেইতলাহিয়া ও মধ্যবর্তী খান ইউনুস এলাকায় খোলা মাঠে আরও দুটি বিমান হামলা চালানো হয়।সেলমিয়া বলেন, শুক্রবার থেকে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৭৩ জন আহত হয়েছে। এ সময়ের মধ্যে গাজা উপত্যকায় ৩৬ বার বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের এক মুখপাত্র বলেন, গাজার উত্তরাঞ্চলের একটি অস্ত্রের গুদাম ও চারটি রকেট উৎক্ষেপণকেন্দ্রে ওই বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি জঙ্গিদের ইসরায়েলের ওপর রকেট হামলার জবাবে শুক্রবার থেকে তারা বিমান হামলা চালাচ্ছে। এএফপি।