গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শিশু ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে। গাজার একটি হাসপাতাল থেকে গতকাল তোলা ছবি l এএফপি
এই শিশু ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে। গাজার একটি হাসপাতাল থেকে গতকাল তোলা ছবি l এএফপি

ফিলিস্তিনশাসিত গাজায় ইসরায়েলের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’ তদন্তের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার-বিষয়ক ফোরাম মানবাধিকার কাউন্সিলের (এইচআরসি) সভায় ফিলিস্তিনের তোলা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ২৯ ভোট পড়ে। কাউন্সিলের ৪৬ সদস্যের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয় এবং তাদের মিত্র দেশগুলো ভোটদানে বিরত থাকে।
এদিকে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত আছে। গতকাল বোমার শিকার হয়েছে নিরাপদ বলে বিবেচিত জাতিসংঘ পরিচালিত একটি স্কুল। সেখানে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
গাজায় ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে এক ‘ভয়াবহ’ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর বিবিসি, এএফপি ও স্কাই নিউজের।
‘ইসরায়েল গাজায় যে হামলা চালাচ্ছে, তাতে দেশটি যুদ্ধাপরাধ করে থাকতে পারে’ বলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (এইচআরসি) প্রধান নাভি পিল্লাই গত বুধবার মন্তব্য করার পরদিন আন্তর্জাতিক তদন্ত নিয়ে ভোটাভুটি হয়। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে সেদিন এ বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয় এইচআরসির জরুরি সভা। সভায় নাভি পিল্লাই বলেন, ‘গাজায় সামরিক হামলা চালানোর সময় ইসরায়েল বেসামরিক মানুষকে রক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি।’
ইসরায়েলের রক্তক্ষয়ী, নির্বিচার গাজা অভিযান নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করাবিষয়ক খসড়া প্রস্তাবটি ২৯ ভোটে পাস হয়। প্রস্তাবটির পক্ষে ভোটদানে আরব দেশসহ কয়েকটি মুসলিম রাষ্ট্রের সঙ্গে যোগ দেয় চীন, রাশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার সদস্যদেশগুলো। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। ভোটাভুটিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো।
যুক্তরাজ্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া: যুক্তরাজ্যের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড মানবাধিকার কাউন্সিলের এই প্রস্তাব পাস যুদ্ধবিরতি অর্জনে সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘এটি মৌলিকভাবে ভারসাম্যহীন এবং (এভাবে) নতুন অপ্রয়োজনীয় পদক্ষেপ (শান্তি) প্রক্রিয়াকে জটিল করবে।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্য এ প্রস্তাব সমর্থন করতে পারে না। তবে প্রাণহানির ঘটনায় সৃষ্টি হওয়া গভীর মানবিক অনুভূতি একটি প্রস্তাবের মধ্য দিয়ে প্রকাশে পরিষদ সদস্যদের বড় অংশের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য।’
‘ভয়াবহ মানবিক পরিস্থিতি’: গাজা পরিস্থিতিতে গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক পরিস্থিতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও সংস্থাটির জরুরি ত্রাণ সমন্বয়ক ভ্যালেরি অ্যান আমস। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ‘অত্যাবশ্যক’ হয়ে পড়েছে।
ভ্যালেরি আমস বলেন, সহিংসতায় গাজার ৪৪ শতাংশ জায়গা ফিলিস্তিনিদের জন্য ‘প্রবেশ নিষিদ্ধ’ এলাকায় পরিণত হয়েছে। বাসিন্দাদের খাবারের মজুতও ফুরিয়ে আসছে। তিনি বলেন, গাজায় আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত জাতিসংঘের স্কুলগুলোতে ঠাঁই নিয়েছে এক লাখ ১৮ হাজারের বেশি মানুষ। পানির অভাব নিয়েও দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। গাজার মানবিক পরিস্থিতি ‘শোচনীয়’ ও ‘ভয়াবহ’।
আমস আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি কেউই অস্বীকার করে না। কিন্তু বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণহানি ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিহতের সংখ্যা ৭৩০: গাজায় দীর্ঘতর হয়েছে হতাহতের তালিকা। কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলার ১৭তম দিনে গতকাল সকাল পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৭৩০ জনে উঠেছে। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গতকাল জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়কারী দপ্তর ওসিএইচএর প্রকাশ করা একটি প্রতিবেদন বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলার শিকার হয়ে গত দুই দিনে প্রতি ঘণ্টায় প্রাণ হারিয়েছে একটি করে শিশু।
ইসরায়েলের বিমান হামলা এবং দেশটির সেনা ও হামাস সদস্যদের মধ্যকার তুমুল লড়াই থেকে প্রাণে বাঁচতে গতকাল গাজার খান ইউনুস শহর থেকে শত শত বাসিন্দা অন্যত্র পালিয়ে গেছে। রেড ক্রিসেন্ট জানায়, ইসরায়েলি সেনাদের মোকাবিলায় হামাস যোদ্ধারা রকেটচালিত গ্রেনেড এবং মেশিনগান ও হালকা অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। আর ইসরায়েলি বাহিনী চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র ও ট্যাংক দিয়ে গোলা ছুড়ছে।
কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে দমনের নামে ইসরায়েল ৮ জুলাই গাজায় হামলা শুরু করার পর থেকে সংঘাতে প্রাণ হারিয়েছে মাত্র ৩০ ইসরায়েলি। এঁদের প্রায় সবাই সেনাসদস্য। অন্যদিকে ফিলিস্তিনি পক্ষে হতাহতদের মধ্যে প্রায় সবাই বেসামরিক লোক, যার একটি বড় অংশ শিশু।
জাতিসংঘের স্কুলও আক্রান্ত: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেইত হানুন শহরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে গতকাল ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলি অভিযান ‘অপারেশন প্রোটেকটিভ এজ’ শুরুর পর বাড়িঘর ছেড়ে পালানো লোকজনকে ঠাঁই দিতে আরও কয়েকটি জাতিসংঘ স্কুলের মতো এটিও আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
কর্মকর্তারা জানান, হামলার শিকার স্কুলটিতে কয়েক শ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের প্রেক্ষাপটে তারা ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ নিয়ে চতুর্থবারের মতো জাতিসংঘনিয়ন্ত্রিত স্থাপনা ইসরায়েলি হামলার শিকার হলো।