গাজায় ইসরায়েলের ‘দোসরদের’ গ্রেপ্তার শুরু
গাজা উপত্যকায় হামাসশাসিত সরকার ইসরায়েলি দখলদারদের ‘সহযোগী’ সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার-কার্যক্রম শুরু করেছে। সাধারণ ক্ষমার মেয়াদ এক মাস পেরোনোর পর গত শুক্রবার থেকে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাম শাহওয়ান গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।ইসরায়েলের ‘সহযোগীদের’ প্রতি হামাস সরকার গত ১২ মার্চ সাধারণ ক্ষমা ঘোষণা করে। এরপর গত এক মাসে কয়েকজন ব্যক্তি আত্মসমর্পণ করেন বলে শাহওয়ান জানিয়েছেন। তবে তাঁরা এখন কী অবস্থায় রয়েছেন, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। ফিলিস্তিনি আইন অনুযায়ী, ইসরায়েলিরদের সহযোগিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে এ ধরনের রায় কার্যকরের জন্য প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। অবশ্য দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হামাস এখন আর বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না। কারণ, তাঁর নির্ধারিত চার বছরের মেয়াদকাল ২০০৯ সালে শেষ হয়েছে। গাজার একজন কর্মকর্তা বলেন, পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তি ইসরায়েলে পালিয়ে গেছেন।ইসরায়েলের সঙ্গে গত নভেম্বরে আট দিনব্যাপী লড়াইয়ে অন্তত সাতজনকে ‘সহযোগিতার’ অভিযোগে গুলি করে হত্যা করা হয়। তাঁদের ছয়জনের লাশ গাড়িতে বেঁধে গাজা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। হামাসের জঙ্গিরাই ওই সাতজনকে হত্যা করেছিল। এএফপি।