গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ফিলিস্তিনের গাজায় গতকাল শনিবার তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে। গাজার হামাসশাসিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও রাষ্ট্রদ্রোহের অপরাধে একজন ফিলিস্তিনিকে এবং হত্যাকাণ্ডে সহযোগিতা করার অপরাধে আরও দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে। একটি নিরাপত্তাকেন্দ্রে তাঁদের ফাঁসি দেওয়া হয়। বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিলিস্তিনের আইন অনুসারে ও নাগরিকদের অধিকার রক্ষার জন্য তাঁদের ফাঁসি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ফাঁসিতে ঝোলানো ওই তিন ব্যক্তির কোনো পরিচয় জানায়নি। তবে হামাসের নিরাপত্তাকর্মী সূত্রে জানা গেছে, ওই ফিলিস্তিনির নাম মোহাম্মদ গারবো। তিনি বুরেজের শরণার্থীশিবিরে থাকতেন। আর তাঁর সহযোগী দুজনের নাম মোহাম্মেদ আবদিন ও মোহাম্মেদ বারাকা। এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বৃহস্পতিবার জানিয়েছে, আরও একজনকে ফাঁসি দেওয়া হবে। ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা ফিলিস্তিনে নতুন কোনো ঘটনা নয়। ইসরায়েলকে সহযোগিতা করা ফিলিস্তিনে রাষ্ট্রদ্রোহের শামিল। ফিলিস্তিনের আইন অনুসারে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা বা তাদের সহযোগিতা করা, খুন, মাদকদ্রব্য পাচার—এসবই গুরুতর অপরাধ। আর এসব অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অবশ্যই প্রথমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমোদন নিতে হবে। হামাস এ ক্ষেত্রে মাহমুদ আব্বাসের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন বলে মনে করে না। এর আগে ২০১১ সালের জুলাই মাসে ইসরায়েলকে সাহায্য করার অপরাধে দুজন ফিলিস্তিনিকে ফাঁসি দেওয়া হয়। এর এক মাস পর একই অপরাধে আরও তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এএফপি, রয়টার্স।