গাজায় নির্মাণসামগ্রী পরিবহনে ইসরায়েলি নিধেষাজ্ঞা শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় বিভিন্ন নির্মাণসামগ্রী পরিবহনের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। গাজায় ২০০৭ সালে হামাস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গাজায় নির্মাণসামগ্রীর বেসরকারি চালানের সুযোগ দেওয়া হচ্ছে। কারণ সেখানকার জঙ্গিদের সঙ্গে এখন ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে।গাজা থেকে বেশির ভাগ পণ্য আমদানি-রপ্তানির ওপর এখনো ইসরায়েলি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফিলিস্তিনি ওই ভূখণ্ডে নৌ ও আকাশপথেও অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টির সমালোচনা করেছে। গাজা থেকে ইসরায়েলে মালামাল পরিবহন তল্লাশিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি কর্মকর্তা রায়েদ ঘালবান বলেন, নির্মাণসামগ্রী পরিবহনে যে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, গাজা পুনর্গঠনের জন্য তা অপর্যাপ্ত। লোহা, সিমেন্টসহ কিছু কিছু নির্মাণসামগ্রীর ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ইসরায়েল ও গাজার মধ্যে গত নভেম্বরে আট দিনব্যাপী লড়াইয়ের পর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত শর্তগুলোর মধ্যে মালামাল পরিবহনের বিষয়টিও ছিল। ইসরায়েলি সামরিক মুখপাত্র মেজর গাই ইনবার বলেন, গাজায় মালামাল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। এদিকে, গাজায় নির্মাণসামগ্রী পরিবহনের ওপর মিসরও নিষেধাজ্ঞা শিথিল করেছে। ফলে এখন গাজায় একসঙ্গে এক হাজার ৪০০ টন পরিমাণ নির্মাণসামগ্রী পরিবহন করা যাবে। বিবিসি।