গাজায় পাঁচ দিনের হামলায় নিহত ১২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজার রাফাহ এলাকায় গতকাল শুক্রবার রাতে ইসরায়েলি বিমান হামলার পরের দৃশ্য। ছবি: রয়টার্স
গাজার রাফাহ এলাকায় গতকাল শুক্রবার রাতে ইসরায়েলি বিমান হামলার পরের দৃশ্য। ছবি: রয়টার্স

গাজায় আজ শনিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের হামলায় এ নিয়ে ১২১ জন মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনের চিকিত্সা কর্মকর্তারা জানান।

হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৭৫০ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

আজ শনিবার এএফপির খবরে জানানো হয়, গাজা শহরের পার্শ্ববর্তী তুফাহ এলাকায় তিনজন মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা এ তথ্য জানান।

স্থানীয় কর্মকর্তারা জানান, আজ সকালে গাজার উপকূলীয় ছিটমহলের লক্ষ্য করে ইসরায়েল যেসব স্থানে হামলা চালিয়েছে, এর মধ্যে মসজিদ ও হামাস সদস্যদের বাড়িঘর রয়েছে।


এর আগে বেইত লাহিয়া এলাকায় প্রতিবন্ধীদের একটি দাতব্য অ্যাসোসিয়েশনে হামলায় দুজন মারা যায়। এ ছাড়া গাজা শহরের পশ্চিমাঞ্চলে আরেকটি হামলায় তিনজন মারা গেছে।

গাজার নুসেইরাত এলাকার একটি মসজিদ আজ শনিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়ে যায়। ছবি: রয়টার্স
গাজার নুসেইরাত এলাকার একটি মসজিদ আজ শনিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়ে যায়। ছবি: রয়টার্স



হামলার জবাবে গত পাঁচ দিনে ইসরায়েল লক্ষ্য করে ৫২০টি মর্টার ও রকেট ছুড়েছে হামাসের যোদ্ধারা। এর মধ্যে ১৪০টি রকেট আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত ইসরায়েলের কোনো নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক চাপ প্রতিহতের ঘোষণা ইসরায়েলের

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল থেকে যে চাপ দেওয়া হচ্ছে, তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


নেতানিয়াহু জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে ‘ভালো ও ইতিবাচক’ আলোচনা হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক চাপই তাঁদের ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।


ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত গাজার এক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় দ্বিগুণ শক্তি ব্যবহার করছে ইসরায়েল।