গাজায় মুনের গাড়িতে জুতা ছুড়ে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা এলাকায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের গাড়িবহর লক্ষ্য করে বালু, জুতা ও ছোট পাথর ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন প্রায় ৫০ জন গাজাবাসী। এ সময় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। তবে এতে কেউ আহত হননি। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বলেন, বান কি মুনের গাড়িবহর গাজা উপত্যকা দিয়ে খান ইউনিস এলাকায় যাওয়ার সময় ইসরায়েলের জেলে বন্দীদের প্রায় ৫০ জন স্বজন বিক্ষোভ করছিলেন। এ সময় তাঁরা গাড়িবহর লক্ষ্য করে জুতা, বালু, পাথর নিক্ষেপ করেন। এ সময় বিক্ষোভকারীদের বহনকারী প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল ‘বান কি মুন, ইসরায়েলের প্রতি যথেষ্ট পক্ষপাতদুষ্ট’। ইসরায়েলের জেলে বন্দীদের এবং ফিলিস্তিনের বর্তমান অবস্থা নিয়ে বান কি মুন কথা বলতে রাজি না হওয়ায় বিক্ষোভকারীরা এ কাজ করেছেন বলে জানান।