গাজায় রাতভর হামলায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজা উপত্যকার একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলার পরের দৃশ্য। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: রয়টার্স
গাজা উপত্যকার একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলার পরের দৃশ্য। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় গতকাল বুধবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় আরও ২০ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করেছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৭০ জনের মতো নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।

বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, বিমান হামলার বেশির ভাগই গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঘরবাড়ি ও রেস্তোরাঁ লক্ষ্য করে চালানো হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাসের সশস্ত্র যোদ্ধা ও অস্ত্রাগার, সুড়ঙ্গপথ ও কমান্ড সেন্টার লক্ষ্য করে তাঁরা হামলা চালাচ্ছে।

হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার হামাস ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে সাইরেন বাজতে শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত রাত থেকে এ পর্যন্ত ১০৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া গাজা থেকে ১২টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সাতটি রকেট প্রতিহত করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজার খান ইউনিস এলাকার একটি ক্যাফে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় ক্যাফেতে বসে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলা দেখছিল মানুষ। ওই হামলায় নয়জন মারা গেছে।

শহরের কাছে একটি বাড়িতে আরেকটি হামলায় আরও আটজন ব্যক্তি মারা গেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসরায়েল ও ফিলিস্তিনিকে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি ক্রমশ সংকটময় হয়েছে উঠছে।

এ পরিস্থিতিতে আজ বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসার কথা।