গাজী হত্যা মামলা মোশাররফকে নির্দোষ ঘোষণা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত লাল মসজিদের সাবেক প্রধান গাজী আবদুল রশিদের হত্যার ঘটনায় দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে নির্দোষ ঘোষণা করেছে পুলিশ। ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ ওয়াজিদ আলির আদালতে গতকাল বুধবার ওই মামলার শুনানিকালে এ ঘোষণা দেওয়া হয়। তবে বিচারক বলেন, লাল মসজিদের অভিযানে ১১ সেনা নিহত হওয়ার ঘটনায় আরেকটি হত্যা মামলা করা যেতে পারে।
মোশাররফের পক্ষে তাঁর আইনজীবী ইলিয়াস সিদ্দিকি আদালতে তথ্য-প্রমাণাদি উপস্থাপন করে বলেন, গত ছয় বছরে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করা যায়নি।
তবে লাল মসজিদ সুহাদা ফাউন্ডেশনের আইনজীবী তারিক আসাদ আদালতকে বলেন, মামলাটির তদন্তকালে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ প্রমাণাদি আমলে নেয়নি। তিনি বলেন, লাল মসজিদ অভিযানের মূল পরিকল্পনাকারীই ছিলেন মোশাররফ।
লাল মসজিদ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১ নভেম্বর পর্যন্ত পরবর্তী শুনানি স্থগিত করেছেন।
২০০৭ সালে লাল মসজিদে সেনাবাহিনীর অভিযানে সেনাসদস্য ও মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্তত ৫৮ জন নিহত হয়। এর মধ্যে দিয়ে তালেবানপন্থী এ মসজিদে টানা আট দিনের রক্তক্ষয়ী অভিযানের অবসান ঘটে। ডন।