গাদ্দাফি আলজেরিয়ার সীমান্ত এলাকায় আছেন: এনটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি আলজেরিয়া সীমান্তবর্তী মরু এলাকায় আদিবাসীদের আশ্রয়ে আত্মগোপন করে আছেন বলে ধারণা করছেন দেশটির নতুন শাসকেরা।গাদ্দাফির নিজের শহর সারতের ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই সপ্তাহ ধরে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে। কিন্তু গাদ্দাফি অনুগত বাহিনীর জোরালো প্রতিরোধের মুখে এগোতে পারছেন না এনটিসির যোদ্ধারা। তবে তাঁরা ট্যাংক ও রকেট নিয়ে হামলা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ন্যাটো বাহিনী। জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সেখানে আটকে পড়া মানুষদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।এনটিসির যোদ্ধারা এক মাস আগে ত্রিপোলির দখল নেওয়ার পর থেকে গাদ্দাফি অজ্ঞাত স্থানে চলে যান। তাঁকে খুুঁজে বের করতে জোর অভিযান চালাচ্ছে এনটিসি। এনটিসির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, ‘গাদ্দাফি সম্ভবত আলজেরিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় ঘাদামস শহরের কাছাকাছি আশ্রয় নিয়েছেন। তুরেগ আদিবাসীরা তাঁকে নিরাপত্তা দিচ্ছে।’হিশাম বুহাগিয়ার নামের ওই কর্মকর্তা আরও বলেন, ‘গাদ্দাফির অনুগত ওই তুরেগ আদিবাসীদের সঙ্গে সেখানে বসবাসরত আরবদের মধ্যে লড়াই চলছে। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। গাদ্দাফির খোঁজে আমাদের অভিযান নতুন পথে মোড় নিচ্ছে।’ সত্তরের দশকে প্রতিবেশী মালি ও নাইজারে সরকারের বিরুদ্ধে আদিবাসী তুরেগরা বিদ্রোহ করার পর নিজের দেশের সীমান্তবর্তী এলাকায় তাদের আশ্রয় দেন গাদ্দাফি। সামরিক কর্মকর্তা হিশাম বুহাগিয়ার জানান, গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আছেন বানি ওয়ালিদ শহরে। অন্য ছেলে মুতাসসিম আছেন সারতে শহরে।সারতে ও বানি ওয়ালিদ—উভয় এলাকায় লড়াই চলছে। তবে সমন্বয়ের অভাব ও নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এনটিসি যোদ্ধারা তেমন অগ্রসর হতে পারছে না। রয়টার্স।