গাদ্দাফি নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির নিহত হওয়ার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির নতুন কর্তৃপক্ষ। কোন পরিস্থিতিতে গাদ্দাফির মৃত্যু হয়েছে, তার ব্যাখ্যা চেয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় এ তদন্তের ঘোষণা দেওয়া হলো। গতকাল মঙ্গলবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।এ ধরনের সংশয় দেখা দিয়েছে যে গাদ্দাফিকে যারা আটক করেছে তারাই তাঁকে হত্যা করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ২০ অক্টোবর আটক করার সময় গাদ্দাফি জীবিত ছিলেন।এর আগে লিবিয়ার অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) বলেছে, আটকের পর বিদ্রোহী ও গাদ্দাফির অনুগত সেনাদের মধ্যে গুলিবিনিময়ের সময় (ক্রসফায়ার) গাদ্দাফি নিহত হন।তবে কে তদন্ত পরিচালনা করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। লিবিয়ার ভারপ্রাপ্ত নেতা মুস্তাফা আবদুল জলিল বলেন, গাদ্দাফির বিরোধীরা চেয়েছিল তাঁকে বিচারের মুখোমুখি করতে। তবে গাদ্দাফির দ্রুত মৃত্যু হওয়ায় তাঁর সমর্থকেরা বেশি লাভবান হয়েছে। বিবিসি।আহমাদিনেজাদের আহ্বান ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ লিবিয়ায় পশ্চিমা দখলদারিত্ব রুখতে এবং নিজেদের সম্পদ রক্ষায় দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গতকাল মঙ্গলবার আহমাদিনেজাদ এই আহ্বান জানান।দক্ষিণ খোরাসান প্রদেশের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত ওই ভাষণে আহমাদিনেজাদ পশ্চিমাদের সম্পর্কে বলেন, তাদের প্রথম লক্ষ্যই হচ্ছে লিবিয়া দখল করা। তারপর তারা দেশটির বাসিন্দাদের ওপর বিপ্লবে জড়িত নয়, আবার জনপ্রিয়ও নয়—এমন ব্যক্তিকে শাসক হিসেবে চাপিয়ে দেবে।ইরানি প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেন, লিবিয়ার জনগণকে সাহায্য করার নামে ঘাঁটি গেড়ে ন্যাটো দেশটির সর্বনাশ করে ছেড়েছে। এরপর যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের নামে তারা কুক্ষিগত করবে দেশটির সব সম্পদ। তবে লিবিয়ার মানুষ অবশ্যই ঐক্যবদ্ধ থেকে পশ্চিমা শক্তিকে প্রতিহত করবে বলে আহমাদিনেজাদ আশা প্রকাশ করেন। এর আগে গতকাল ইরানি পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি লিবিয়ার নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তা পাঠান। ইরানের মেহর সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এএফপি।