গাদ্দাফি সরকারের গোয়েন্দাপ্রধানকে লিবিয়ায় হস্তান্তর
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসিকে লিবীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে মৌরিতানিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। কর্নেল গাদ্দাফির ডান হাত হিসেবে পরিচিত সেনুসি দায়িত্ব পালনের সময় অসংখ্য অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। লিবিয়ার নতুন সরকার তাঁর বিচার চায়। ফ্রান্স ও আন্তর্জাতিক আদালতেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কর্নেল গাদ্দাফি হত্যাকাণ্ডের পাঁচ মাসের মাথায় গত মার্চে মরক্কো থেকে মৌরিতানিয়ায় পালিয়ে আসার সময় নুয়াকচট বিমানবন্দরে সেনুচিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগ আনা হয়।মৌরিতানিয়া বলেছিল, লিবিয়ায় হস্তান্তরের আগে অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে সেনুসির বিচার করা হবে। কিন্তু লিবিয়া অব্যাহতভাবে তাঁকে ফেরত চেয়ে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে তাঁকে ফেরত দেওয়া হলো। কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়ার বিচারমন্ত্রীর নেতৃত্বাধীন একটি শীর্ষস্থানীয় প্রতিনিধিদল সেনুসিকে গ্রহণ করে। তবে সেনুসিকে বর্তমানে কোথায় রাখা হয়েছে, তা গোপন রাখা হয়েছে। বিবিসি।